প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৮:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২০, ১:১৯ পি.এম
রাবির সাবেক উপাচার্য অধ্যাপক আলতাফ হোসেন আর নেই

রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, প্রফেসর ড. মো. আলতাফ হোসেন ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সকাল ৬ টা ৩০ মিনিটে নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিশ্ববিদ্যালয়টির প্রাণিবিদ্যা বিভাগের সাবেক এই অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের ডীন অধ্যাপক ড. ফকরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরহুমের জানাজা নামাজ বাদ জোহর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে চাপাইনবাবগঞ্জ চাঁদলাই পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। অধ্যাপক ড. আলতাফ হোসেন বিশ্ববিদ্যালয়টিতে ১৯তম উপাচার্য হিসেবে ২০০৫ এর জুন থেকে ২০০৮ এর মে পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন। ২০১১ সালে পূর্ণ অবসরে যান তিনি।
অবসরের আগে উপাচার্য ছাড়াও উপ-উপাচার্য, অনুষদের ডীন ও শিক্ষক সমিতির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক আলতাফ হোসেন সম্পর্কে রাবি শিক্ষা পরিষদের সদস্য অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, দলমত নির্বিশেষে একজন স্বজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন অধ্যাপক হোসেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং মিষ্টভাষী হিসেবে তার পরিচিতি ছিলো। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.