
মোঃ রফিকুল ইসলাম, মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে -জামাইয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে বাসের ধাক্কায় ফুল রানী পাহান (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ঐ বৃদ্ধা ফুল রানী পাহান মহাদেবপুর উপজেলার চেরাগপুর (আদিবাসীপাড়া) গ্রামের মৃত মধু পাহানের স্ত্রী। নিহত বৃদ্ধার জামাই লেবু পাহান জানান,
বৃদ্ধা ফুল রানী পাহান শনিবার সন্ধার পূর্বে নিজবাড়ি থেকে বের হয়ে মেয়ে-জামাইয়ের বাড়ি মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের পিড়া (পাহানপাড়া) গ্রামে যাওয়ার পথে মেয়ে-জামাইয়ের বাড়ির নিকটে পিড়ামোড় এলাকার লোহারগেট নামক স্থানে নওগাঁ-রাজশাহী মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাস বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ঘটনাস্হল ত্যাগ করে।
দুর্ঘটনার পর স্বজনরা গুরুতর আহত অবস্থায় ফুল রানীকে উদ্ধার করে নওগাঁ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বরিবার রাতে তিনি মারা যান। উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি জনাব মোঃ নজরুল ইসলাম প্রতিবেদককে জানান, দূর্ঘটনায় আহত হয়ে এক আদিবাসি বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ জেলা সদর আধুনিক হাসপাতালে মারা যান এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্হা গ্রহন প্রক্রিয়াধীন আছে বলেও গনমাধ্যমকে জানিয়েছেন তিনি।