ক্ষুধার্ত পদাতিক মিছিলে একা একা
[কাজী তবিবুর রহমান]
আমার বলে কিছু ছিলো না
কিছু নেই আসলে।
জঙ্গলের বুক কেটে গড়েছি
ইট কাঠের নিশ্ছিদ্র দুঃখ,
আকাশ কেঁদেছিলো খুব
শুনিনি আমরা।
সামষ্টিক শিল্পকলা ভেঙে
গড়েছি পুঁজিবাদী সুখ শুধুই
আমার আমার বলে।
শান্তিময় শ্রাবণ উড়িয়ে দিয়ে
করজোড়ে নিয়েছি শব্দময়
অজেয় বৃষ্টি।
হেমন্তের আর্তনাদে জেগে উঠি,
আমি যে আজন্ম ভাতের কাঙ্গাল
আমি সর্বোগ্রাসী।
গতর খাটানো মানুষেরা জানে না
ধান ভেঙে নিয়ে গেছে দেবতা
সুমিষ্ট ভাতের ঘ্রাণ।
শুধু বিগত ফাগুন আর্তনাদে বলেছে
হেমন্ত সবার, তৃষ্ণা তোমারও
পৃথিবী সবার।
সূর্য বুকে নিয়ে কবিতা হাঁটছে
ক্ষুধার্ত পদাতিক মিছিলে
একা একা।