মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩০ কেজি গাঁজাসহ মো. জহিরুল হক নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব-১১ সদস্যরা। এসময় গাঁজাবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।সে দীর্ঘ দিন যাবত চালকের ছদ্মবেশে মাদক পাচার করে আসছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে সড়কের উপর চেকপোষ্ট বসিয়ে যানবাহনে তল্লাশীর সময় গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার দুপুরে র্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। শুক্রবার বিকেলে তাকে সোনারগাঁ থানায় মামলা দিয়ে হস্তান্তুর করা হয়েছে।
র্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম জানান, গ্রেফতারকৃত মো. জহিরুল হক কুমিল্লার চান্দিনার কেরনখাল এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিবহন চালকের ছদ্মবেশে সে পিকআপ গাড়িযোগে অভিনব কায়দায় কুমিল্লা জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার পিক-আপ গাড়ীর পাটাতনের নিচে বিশেষ পদ্ধতিতে গোপন প্রকোষ্ট তৈরি করে গাঁজা ভর্তি অবস্থায় ঝালাই দিয়ে নিয়মিত গাঁজা পরিবহন করত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে নিষিদ্ধ মাদক দ্রব্য গাঁজা প্রবেশ করায় এবং চালকের ছদ্মবেশে বিশেষ কৌশলে পরিবহন করে নিয়ে আসে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে র্যাবের এই কর্মকর্তা জানান।