প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২০, ১:২৮ পি.এম
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির আট দিন পর নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মু.তামিম সিফাতুল্লাহ: রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির আটদিন পর নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুফাতো ভাই রিমনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার সকালে পবার নবগঙ্গায় নৌকাডুবির ঘটনাস্থলেই মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা গলিত মরদেহ উদ্ধার করে। রাজশাহী মহানগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে ১৩ জন যাত্রী নিয়ে রাজশাহীর পবার নবগঙ্গা এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির পর ১১ জনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার হলেও সূচনা ও রিমন নিখোঁজ হন। মরদেহ না পেয়ে দুইদিন পর উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন।
নিখোঁজ সাদিয়া আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী। তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করতেন। রাজশাহীর পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসে পদ্মায় নৌ-ভ্রমণে গিয়েছিলেন তিনি। নিখোঁজ রিমন বাড়ি নওগাঁয়। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই-বোন।
এদিকে এ ঘটনায় দায়ের করা মামলায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নগরের দামকুড়া থানায় রাজশাহী নৌ-পুলিশের কনস্টেবল শরিফুল ইসলাম বাদী হয়ে নৌকার দুই মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.