প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২০, ৬:৪২ পি.এম
খুলনায় স্কুলছাত্র বাপ্পী হত্যা মামলায় একজনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর খালিশপুরে প্লাটিনাম জুট মিল স্কুলের ছাত্র মফিজুল ইসলাম বাপ্পীকে (১৬) পিটিয়ে হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদণ্ড ও ৫ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। অপরাধ প্রমাণিত না হওয়ায় বাকী ২ আসামীকে খালাস দেওয়া হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২ টায় খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানাকরা হয়েছে।
ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন মোঃ রকি এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে মো. নজরুল, রবিউল, আল আমিন, মিলন ও মুজিব হাওলাদার। খালাসপ্রাপ্ত আসামি হচ্ছে ইব্রাহিম ওরফে বাহাদুর ও মো. হাসান।
আইনজীবীরা জানান, ২০১০ সালের ১০ অক্টোবর সন্ধ্যায় প্লাটিনাম স্কুল মাঠে বাপ্পী তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। এসময় পূর্ব শত্রুতার জেরধরে সন্ত্রাসীরা বাপ্পীর বন্ধু রাজুর ওপর হামলা করে। বন্ধুকে বাঁচাতে বাপ্পী সন্ত্রাসীদের বাঁধা দিলে তারা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এই সুযোগে তার বন্ধু রাজু পালিয়ে যায়।
স্থানীয় লোকজন বাপ্পীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে দিকে তার মৃত্যু হয়। এঘটনায় নিহতের ভাই হাফিজুর রহমান বাদী হয়ে খালিশপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১২ সালের ৩১ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য প্রদান করেছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.