প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১২:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২০, ৯:০২ পি.এম
দুই মিনিটের ঝড়ে উড়ে গেছে ৩ গ্রামের অন্তত ৫০ ঘর!

এম.এ রাশেদ বগুড়া থেকেঃ মাত্র ২-৩ মিনিট স্থায়ী ঝড়ে লন্ডভন্ড হয়েছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তিন গ্রামের অন্তত পঞ্চাশটি পরিবারের ঘর। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাজরাহাটি, হাটশিরা ও লক্ষীপুর।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সোয়া তিনটায় এই ঘটনা ঘটে। এর আগে থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল।
খবর পেয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা ও চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল ওই তিনটি গ্রামের ক্ষতিগ্রস্তদের দেখতে যান।
এসময় ঝড়ে উড়ে যাওয়া ঘরের মালিক রেজাউল করিম জানান, “প্রায় দেড়ঘণ্টা ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। পশ্চিম দিক থেকে থেকে হঠাৎ একটা ঝটকা বাতাস এলো। কিছু বুঝে উঠার আগেই আমার মাথার উপর থেকে ঘরের চালা উড়ে গেছে।” মুহূর্তের ঝড়ে বেশ কিছু গাছপালা উপড়ে গেছে। বেশ কিছু সবজি খেত নষ্ট হয়ে গেছে। বিদ্যুতের তার ছিড়ে গেছে।
তাৎক্ষণিক কাজিপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, "সরেজমিন ক্ষয়-ক্ষতির পরিমাণ দেখেছি। তালিকা করে পরে তাদের সহায়তা প্রদান করা হবে।’
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.