প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ১০:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২০, ১:৪৬ পি.এম
“আজো বিশুদ্ধ আছি”

-মোঃ আসাদুজ্জামান বাচ্চু
শুধু তোমারই প্রেম পাবো ব'লে
আমি বহু প্রেম ফিরিয়ে দিয়েছি,
কত ভালোবাসা কাতর দৃষ্টি থেকে
নিষ্ঠুরতার নিরেট পাথরে মুড়ে
নিজেকে সুরক্ষিত রেখেছি,
ফাগুনের পর ফাগুন অন্তরে অন্তরে
নিস্প্রাণ ঘুমিয়ে থেকেছি,
ভালোবাসার পাখিগুলো গলা চিপে মেরেছি।
তোমার মায়াবী স্পর্শ পাবো ব'লে
দুর্বা ঘাসের নরম কোলে দু'দন্ড বসিনি,
তোমার রেশমি চুলে বিলি কাটবো ব'লে
কাশফুলের আদুরে পাপড়িগুলো ছুঁয়ে দেখিনি,
তোমার আঁচল ছায়ায় লুকাবো ব'লে
বৃক্ষের সাথে বন্ধুত্ব করিনি,
তোমার সাথে স্নান করবো ব'লে
অনেক দিনের খরা শেষে বৃষ্টিতেও ভিজিনি।
তোমার গভীর চোখে চোখ রাখবো ব'লে
সাগরের নীল জল দেখিনি,ঝর্ণা দেখিনি,
তোমার কোমল হাতে হাত রাখবো ব'লে
আজো আমি সুর্যোদয়-সূর্যাস্ত দেখিনি,
তোমার উষ্ণ বুকে মাথা রেখে
রবীন্দ্র-নজরুল শুনবো ব'লে
গানের আসরে আজো নিশ্চুপ বসিনি,
শুধু তোমারই প্রেম পাবো ব'লে
আমি প্রকৃতির প্রেমেও পড়িনি,
শুধু তোমারই প্রেম পাবো ব'লে
দ্যাখো-
আজো আমি কেমন বিশুদ্ধ আছি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.