
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট: ‘শত গানে বঙ্গবন্ধু’ বই থেকে সাজেদ ফাতেমীর নাম ও গান বাতিল করা না হলে লালমনিরহাটকে অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট মিশন মোড়ে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংসদ কমান্ডের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্যে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান এই ঘোষণা দেন।
তিনি আরো বলেন, যদি অবিলম্বে শত গানে বঙ্গবন্ধু বই থেকে রাজাকার পরিবারের সদস্য সাজেদ ফাতেমীর নাম ও গান বাতিল করা না হয়। তাহলে লালমনিরহাট ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, সাংস্কৃতিককর্মী, মুক্তিযোদ্ধাসহ সর্বশ্রেণি পেশার মানুষ রাজপথে নেমে সবকিছু অচল করে দেওয়া হবে। যতক্ষণ ওই রাজাকারের নাম বাতিল করা হবে না ততক্ষণ আমরা রাজপথেই থাকবো। কোন কিছুই চলতে দেওয়া হবে না।’
মুক্তিযোদ্ধারা বলেন, ‘আমরা অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেইনি। তাই আগামী এক সপ্তাহের মধ্যে যদি সাজেদ ফাতেমীর নাম ও তার গান বাদ দেওয়া না হয় তাহলে আমরা লালমনিরহাটকে অচল করে দেবো। তখন যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে। এর জন্য সাজেদ ফাতেমীকেই তার দায় নিতে হবে।’
মানববন্ধনে সাজেদ ফাতেমীর পিতা সোলায়মান মিয়া স্বীকৃত রাজারকার ও সোলায়মান মিয়ার বিয়াই এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির দন্ডপ্রাপ্ত রাজাকার উল্লেখ করে বক্তারা বক্তব্য রাখেন। শত গানে বঙ্গবন্ধু বই থেকে রাজাকার পুত্র সাজেদ ফাতেমীর রচিত ‘মহামানব’ ও ‘তুমিই পিতা’ গান দুইটি এবং নাম প্রত্যাহার অবিলম্বে করা না হলে লালমনিরহাটকে অচল করার হুশিয়ারি উচ্চারণ করা হয়।
‘আমরা মুক্তিযোদ্ধা সন্তান’ সংসদ কমান্ডের লালমনিরহাট জেলা শাখার আহবায়ক আইনজীবী ইকবাল হোসেন মামুনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মোড়ল হুমায়ুন কবীর, সাংস্কৃতিক কর্মী পিকে বিক্রম, নাট্যশিল্পী সাইফুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন মামুন। আমরা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ব্যানারে মানবন্ধনে অংশ নেয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, রংধনু নাট্যগোষ্ঠি ও সবুজ বাংলাসহ বেশ কয়েকটি সংগঠন।