
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের ঘোড়াকান্দা থেকে হত্যা মামলার আসামী সানি (২৮)কে ১৪৫ পিস ইয়াবা’সহ আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। গতকাল সোমবার রাত আনুমানিক আটটার সময় ঘোড়াকান্দা খাজা গরীবে নেওয়াজ ষ্টোরের নিকট থেকে তাকে আটক করে র্যাব। সানি ঘোড়াকান্দার মৃত আকবর আলীর ছেলে বলে জানা যায়।
র্যাব সূত্রে জানা যায় যে, গত ৬ জানয়ারী ২০২০ ইং তারিখে পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তী পঞ্চবটী গ্রামের মৃত খালেক মিয়ার পুত্র মোঃ সোহাগ মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে ৭ জন মিলে এলো পাথারী মারপিট করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ভিকটিম মোঃ সোহাগ মিয়া ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতবরণ করে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ভৈরব থানায় সোহাগ মিয়ার মেয়ে সখি (২২) বাদী হয়ে মামলা দায়ের করেন।
উক্ত ঘটনার প্রেক্ষিতে হত্যা মামলার আসামীদের গ্রেফতারের জন্য র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের গোয়েন্দা সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছিল। এরই ধারাবাহিকতায় ভৈরব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত হত্যা মামলার এজাহার নামীয় আসামী সানি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ঘোড়াকান্দা এলাকায় অবস্থান করছে।
এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল গত ৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮ ঘটিকায় ঘোড়াকান্দাস্থ খাজা গরীবে নেওয়াজ স্টোরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সানি গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী সানি কে তল্লাশি করলে তার নিকট থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২৭ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৮৫ টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় আরো একটি মাদক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।