
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : মাদক বিরোধী অভিযান চালিয়ে সিরাজগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ পৌর আ’লীগের সদস্য মাহবুবুর রহমান (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত মাহবুবুর রহমান সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য ও ১০নং ওয়ার্ড আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেসি রোড ধানবান্ধী গ্রামের মৃত আকবর মিয়ার ছেলে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার মাসুমপুর উত্তরপাড়ায় অভিযান চালিয়ে মাহবুবকে আটক করা হয় এসময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা, ২টি মোবাইল, ২টি সিম এবং নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সিরাজগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোলা জানান, র্যাবের হাতে আটককৃত মাহবুবুর রহমান পৌর আ’লীগের সদস্য ও সাবেক ১০নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক।