প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৪:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২০, ৬:২৫ পি.এম
শিক্ষা প্রতিষ্ঠানে হিজরী নববর্ষ উদযাপনে উদ্যোগ নেওয়া হবে: ইআইবি উপাচার্য

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআইবি) উপাচার্য প্রফেসর ড. আহসান উল্লাহ বলেছেন, বাংলা নববর্ষ যেমন বাঙালি সংস্কৃতির একটি অংশ। ঠিক তেমনি ইসলাম এবং মুসলমানদের জন্য হিজরি নববর্ষ অতি গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দেশের ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতির ধারক-বাহক। সেইজন্য আগামী বছর থেকে দেশের সব মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে হিজরী নববর্ষ পালনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কার্যকরী উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার(২১ আগস্ট) চট্টগ্রামের লোহাগাড়ায় ১৪৪২ হিজরী নববর্ষ উদযাপন ও বাহরুল উলুম হযরত শাহ্ মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দীন (রহ.) এর ইছালে ছওয়াব উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনস্রোত প্রকৃত সফলতার মাপকাঠি নয়। ইসলাম অসম্প্রদায়িক রাষ্ট্র গঠনের কথা বলে। আমরা শালীনতার সহি সব ধরনের নববর্ষ উদযাপন করব।
আলহাজ্ব মোহাম্মদ কাজী মাওলানা নাছির উদ্দীন বলেন, অপসংস্কৃতি যখন সমাজ ব্যবস্থাকে গ্রাস করে ফেলেছে। ফেতনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঠিক সে-ই সময়ে নবী হজরত মুহাম্মদ (সা.) তার জীবন ও আদর্শের একটি সুন্নত যদি বাস্তবায়ন করা যায় তাহলে শত শহীদের মর্যাদাপূর্ণ আমলনামা লিপিবদ্ধ হবে।
মুসা তুরাইনের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন হযরত মাওলানা সালাহ উদ্দীন বেলাল, শুভেচ্ছা বক্তব্য রাখেন আবু নোমান মোহাম্মদ হাফিজ উল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা ওয়াহিদ আহমদ, অধ্যক্ষ রুহুল কুদ্দুস, মাওলানা হেলাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন সহ প্রমুখ। মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.