হোম » প্রধান সংবাদ » বগুড়া ধুনট থানায় নষ্ট হচ্ছে জব্দকৃত মোটরসাইকেল, সিএনজি

বগুড়া ধুনট থানায় নষ্ট হচ্ছে জব্দকৃত মোটরসাইকেল, সিএনজি

এম.এ রাশেদ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট থানা  চত্বরে মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন ধরনের প্রায় অর্ধশত যানবহন দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে আছে। নিত্যদিনের রোদ-বৃষ্টি-ঝড় আর ধুলায় এসব গাড়ির যন্ত্রাংশে মরিচা ধরে গেছে। একই স্থানে দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে থাকায় অধিকাংশ যানবাহন চলাচলক্ষমতা হারিয়েছে।

যানবাহনগুলোর মধ্যে অন্যান্য যানবাহনের তুলনায় মোটরসাইকেলের সংখ্যাই বেশি। এ যানবাহনগুলোর অধিকাংশই বিভিন্ন অপরাধে জব্দকৃত মামলার আলামত। এছাড়া চোরাইকৃত যানবাহন ও কাগজপত্র বিহীন যানবাহন রয়েছে। এসব যানবাহন যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ মামলার আলামত। আইনি জটিলতার কারণে অনেক মালিকই ছাড়িয়ে নিতে পারেন না এসব সখের গাড়ি। অন্যদিকে আইনি জটিলতার কারণে নিলাম না হওয়ায় রাজস্ব হারাচ্ছে সরকার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, থানা প্রাঙ্গনে খোলা আকাশের নিচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জব্দকৃত যানবাহন ও মামলার আলামত। দুই চাকার মোটরসাইকেল থেকে শুরু করে ভুটভুটি, ট্রাক এবং সিএনজিও আছে এখানে। কিন্ত সংরক্ষনের কোন ব্যবস্থা নেই। ফলে এসব আলামত (যানবাহন) খোলা স্থানে পরিত্যক্ত অবস্থায় স্তূপ করে রাখা হয়েছে। তবে রোদ-বৃষ্টি আর ধুলার আস্তরণে বোঝার উপায় নেই কোনটা সচল আর কোনটা অচল। অযত্নে পড়ে থাকায় কিছু গাড়ির কাঠামো বা চ্যাসিস ছাড়া অবশিষ্ট নেই কিছুই।

স্থানীয় এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্র্তে বলেন, থানায় জব্দকৃত গাড়িগুলো পরিত্যাক্ত স্থানে ফেলে না রেখে একটি যায়গায় সেডের নিচে রাখলে দীর্ঘসময়েও নষ্ট হবে না। কিন্ত এসব গাড়ি সংরক্ষণের কোনো উদ্যোগ নেই। এ কারণে আদালতে প্রমাণ স্বরূপ মামলার আলামত (যানবাহন) হাজির করতে না পারলে প্রকৃত অপরাধী ছাড়া পেয়ে যাবে।

থানার মালখানার ইনচার্জ এসআই রুহুল আমীন বলেন, বিচারিক কার্যক্রম সমাপ্ত হতে বিলম্ব হওয়ায় জব্দকৃত এসব গাড়ি নিলামে ও মালিকদের নিকট হস্তান্তর করা যাচ্ছে না। গাড়িগুলো রক্ষনাবেক্ষনের প্রয়োজনীয় ব্যবস্থা নেই। ফলে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় কিছু গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, বিভিন্ন অপরাধে এসব যানবাহন জব্দ করা হয়েছে। কাগজ-পত্র না থাকায় সঠিক মালিকের কাছেও হস্তান্তর করা যাচ্ছে না। সঠিক রক্ষণাবেক্ষণ প্রয়োজন বলে তিনিও মনে করেন। কিন্তু জায়গা সংকুলানের জন্য তা সম্ভব হচ্ছে না। তবে অল্প সময়ের মধ্যে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এ পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!