
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে স্বাস্থ্যবিধি না মানা ও অতিরিক্ত ভাড়া আদায় করায় ৮জনকে ৫ হাজার একশত টাকা জরিমানা করা হয়েছে। আজ ১০ আগষ্ট সোমবার বগুড়া জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক ও শেরপুর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলীর সার্বিক তত্ত¡াবধানে শেরপুর উপজেলার রণবীরবালা, ঘাটপাড় ধুনট ও গোসাইবাড়িগামী যানবাহনগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা; তা পর্যবেক্ষণ করেন সহকারী কমিশনার ভূমি জনাব জামশেদ আলাম রানা।
এ সময় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এক সিট পর পর যাত্রী পরিবহন করার নির্দেশনা থাকলেও ১০ নং গোসাইবাড়ি পরিবহনসহ একই রুটে চলাচলকারী সিএনজি অটোরিকশা চালকরা সেসব নির্দেশনা মানছিলেন না। সরকারি বিধিনিষেধ অমান্য করায় এবং যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করায় ১০ নং গোসাইবাড়ি পরিবহনের ৩ টি বাসের ড্রাইভারকে ৩০০০ টাকা এবং ৫ জন সিএনজি অটোরিকশা চালককে ২১০০ জরিমানা সহ সবমিলিয়ে ৮ জন ড্রাইভারকে ৫১০০ টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার ভূমি জনাব জামশেদ আলাম রানা বলেন জনস্বার্থ রক্ষায় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।