
বাবুল আহমেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি:কুমিল্লার তিতাসে চাঁদাবাজির অভিযোগে সাগর নামে এক শির্ষ সন্ত্রাসীকে রাজধানীর মাতুয়াইলের তার সহযোগীর ভাড়া বাসা থেকে গ্রেফতার করে কুমিল্লা ডিবি পুলিশের একটি টিম এবং পরবর্তীতে আজ দুপুরে তাকে সাথে নিয়ে উদ্ধার অভিযানে নেমে শাহপুর গ্রাম থেকে দুই রাউন্ড গুলিসহ তার ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয় ।
উল্লেখ্য যে গতকাল রোববার বিকালে গরীবের ডাক্তার খ্যাত নামে এক পল্লী চিকিৎসকের চেম্বারে ডুকে প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী সাগর দুই লক্ষ টাকা চাঁদা দাবী করলে ডাক্তার এই মুহুর্তে দুই লক্ষ টাকা দিতে অপরাগতা স্বীকার করলে সন্ত্রাসী সাগর বার বার তাকে লক্ষ করে পিস্তল তাক করে এবং শামসুল হুদা ডাক্তার ভয়ে ৩৯ হাজার টাকা সংগ্রহ করে তাকে দেয় ও তা নিয়ে সে বীরদর্পে চলে যায় ।
পরক্ষনেই ঘটনার সিসিটিভির ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে ও এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং সন্ত্রাসের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠে । ঘটনাটি ঘটেছে ৮ আগষ্ট রোববার উপজেলার মজিদপুর ইউনিয়নের শান্তির বাজার পল্লী চিকিৎসক শামসুল হুদার চেম্বারে ।
শীর্ষ সন্ত্রাসী সাগর শাহপুর গ্রামের শামসুল হক ওরফে হাবুল ব্যাপারীর ছেলে । জানা যায়, উক্ত সন্ত্রাসী সাগর ইউনিয়ন স্বেচ্ছাদলের নেতা, তার বাবা শামসুল হক ওরফে হাবুল ব্যাপারী মজিদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং তার ভাই শাহ আলম নবগঠিত মজিদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ।
পল্লী চিকিৎসক সামসুল হুদা জানান, গত রাতে একটি ডাকাত দল আমার বাসায় ডাকাতির উদ্দেশ্যে হামলা করে । প্রতিবেশীরা সজাগ হয়ে পড়লে ডাকাত দল পালিয়ে যায়।
পরে সকালে বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ফারুক মিয়া সরকারসহ আশপাশের লোকজনের নিকট জানানো হলে সন্ত্রাসী সাগর ক্ষিপ্ত হয়ে বিকালে আমার চেম্বারে ডুকে প্রথমে আমাকে হুমকি দেয়। পরে তার জিন্স প্যান্টের পিছনের পকেট থেকে পিস্তল বের করে আমাকে হত্যার হুমকি দিয়ে দু-লক্ষ টাকা চাঁদা দাবী করে আমি প্রাণভয়ে ক্যাশে থাকা ১৪ হাজার ও বিকাশ একাউন্ট থেকে ২৫ হাজার মোট ৩৯ হাজার টাকা দেই। সে এই টাকা নেওয়ার পর আরোও দু-লাখ টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি প্রদান করে দ্রুত চলে যায় ।
এলাকাবাসী জানায়, পল্লী ডাক্তার শামসুলুল হুদা একজন ভাল মানুষ ও অসহায় গরীব মানুষের চিকিৎসক । করোনার এই ক্রান্তিলগ্নে তিনি অত্র এলাকার সবাইকে চিকিৎসা সেবার পাশাপাশি গরিব ও অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা দিয়ে যাচ্ছেন । এদিকে উক্ত ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে নিন্দার ঝড় উঠে এবং তাকে ক্রসফায়ারের দাবী জানান সুশীল সমাজের লোকজন ।
তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সভ্য সমাজে কিভাবে প্রকাশ্যে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে ? দীর্ঘ ২৫ মিনিট এমন ফিল্মিস্টাইলে বার বার পিস্তল বের করে হুমকি দিলে সহায়তা করার জন্য ভয়ে কেউ এগিয়ে আসেনি যা সত্যিই খুব দুঃখজনক । এদিকে তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার তাঁর ফেসবুক ওয়ালে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অস্ত্রধারী ব্যক্তি ও তাদের গডফাদারদের খুজে বের করে আইনের আওতায় এনে তিতাসের জনগনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ।
উক্ত ঘটনার বিষয়ে প্রকাশ্যে লাইভে এসে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গৌরীপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ রফিকুল ইসলাম । এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান সাগরের বিরুদ্ধে পূর্বেও নানা অভিযোগ রয়েছে এবং আগেও দুইবার তার কাছ থেকে পুলিশ অস্ত্র উদ্ধার করেছে এবং সে মাদকসহ নানা অপকর্মের সাথে জড়িত।
যদিও সে আমার ও ফারুক চেয়ারম্যানের চাচাতো ভাই এবং পরিবারের সদস্যরাসহ সে অন্যদলের অনুসারী সেই কারণে তাদের সাথে আমার তেমন কোন সম্পর্ক নেই তবে এ ঘটনার জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জানায়, সাগরের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই ও অস্ত্রসহ কমপক্ষে ৩০টি মামলা রয়েছে। যার অধিকাংশ মামলাতেই সে ফেরারী । তবুও কি করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিনদুপুরে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে? তিনি আক্ষেপ করে বলেন সিসিটিভি'র ফুটেজ থাকা সত্বেও কি ফারুক চেয়ারম্যানের চাচাতো ভাই হওয়ায় বেঁচে যাবে ?
মুরাদনগর সার্কেল অফিসার মীর আবিদুর রহমান সাংবাদিকদের বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ভাইরাল হলে প্রশাসনের নজরে পড়ে এবং কুমিল্লা পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টিগোচর হয় তাই তাঁহারই নির্দেশে ডিবি পুলিশের সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ডেমরা এলাকার মাতুয়াইল থেকে সন্ত্রাসী সাগরকে তারই এক সহযোগীর ভাড়া বাসা আটক করতে সক্ষম হই । পরে আজ দুপুরে তার ব্যবহৃত দেশীয় আগ্নেয়াস্ত্র অস্ত্রটি দুইটি গুলিসহ উদ্ধার করা হয় ।