হোম » আইন-আদালত » আত্মসাতের অভিযোগে শাওনের মামলা

আত্মসাতের অভিযোগে শাওনের মামলা

আওয়াজ অনলাইন : জনপ্রিয় কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের চিত্রকর্ম আত্মসাতের অভিযোগে দুজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে মামলাটি করেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। মামলায় আসামি করা হয়েছে রুমা চৌধুরী নামের এক নারী ও তার সাবেক স্বামী পুস্তক ব্যবসায়ী বিশ্বজিত্ সাহাকে।

জানা গেছে, আদালতে বাদীর জবানবন্দি নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৯ আগস্ট প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী তৌহিদ খান।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১২ সালে ক্যানসারের চিকিত্সার জন্য নিউইয়র্কের জ্যামাইকায় অবস্থানের সময় ছেলে নিষাদকে নিয়ে বেশকিছু ছবি এঁকেছিলেন হুমায়ূন আহমেদ। সে সময় রুমা ও বিশ্বজিতের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। হুমায়ূন আহমেদ তার আঁকা ২৪টি ছবি প্রদর্শনীর জন্য অভিযুক্তদের ২০১২ সালের জুন মাসে দেন।

শর্ত ছিল, প্রদর্শনী শেষে তারা ছবিগুলো ফিরিয়ে দেবেন। কিন্তু অভিযুক্তদের উদ্দেশ্য ছিল ছবিগুলো বিক্রি করে কমিশন লাভ করা এবং পরবর্তী সময়ে সেগুলো বিক্রি করে টাকা আত্মসাত্ করা। তারা ছবিগুলো বিক্রির জন্য হুমায়ূন আহমেদকে বারবার প্রস্তাব করেন এবং তিনি তা প্রত্যাখ্যান করেন। ছবিগুলো বিক্রি করে অর্থ লাভের জন্য আঁকা হয়নি, বরং নিজের ও ছেলে নিষাদের আনন্দের জন্য আঁকা হয়েছে বলে জানিয়ে দেন তাদের।

অভিযোগে আরও জানা যায়, হুমায়ূন আহমেদের মৃত্যুর পর সন্তানসহ দেশে ফিরে আসেন মেহের আফরোজ শাওন। এসে তিনি অভিযুক্তদের কাছে ছবিগুলো ফেরত চাইলে তারা নানা টালবাহানা শুরু করেন। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে ২৪টি ছবির মধ্যে তারা ২০টি ছবি ফেরত দিলেও বাকি চারটি ছবি প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে আত্মসাত্ করেন। ছবি: সংগৃহীত। /এইচ.

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!