প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২০, ২:০৯ পি.এম
বগুড়ার ধুনটে বর পক্ষের পলায়ন কনে পক্ষের জরিমানা

এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে রাস্তা থেকেই পালিয়ে গেলেন বরযাত্রীসহ বর। তবে বাল্যবিয়ের আয়োজন করার অভিযোগে কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাল্যবিয়ে প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন ধুনট উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আব্দুল্লাহ আল রনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী সহ থানা পুলিশ।
জানা গেছে, উপজেলার ধামাচামা গ্রামের আব্দুর রশিদের মেয়ে সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী পলি খাতুনের বিয়ে ঠিক হয় বগুড়ার গাবতলি উপজেলার পলাশবাড়ি গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বিয়ে হওয়ার কথা ছিল। সেই হিসাবে কনে পক্ষের বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। এসময় উপজেলা প্রশাসন খবর পেয়ে উপস্থিত হয় বিয়ে বাড়িতে। মহুর্তের মধ্যে এ খবরটি ছড়িয়ে পড়ে চারিদিকে। সংবাদ পেয়ে রাস্তা থেকে বর ও তার পক্ষের লোকজন পালিয়ে যান।
পরে বাল্যবিয়ের আয়োজন করার অভিযোগে কনেপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। একই সাথে বাল্যবিয়ে না দেওয়ার শর্তে কনে পক্ষের নিকট থেকে মুচলেকা লিখে নেওয়া হয়। ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি বলেন, বর পক্ষের লোকজন আগেই প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে রাস্তা থেকে পালিয়ে গেছেন। একারণে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা যায়নি। তবে বাল্যবিয়ের আয়োজন করার অভিযোগে কনে পক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করে মুচলেকা লিখে নেওয়া হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.