হোম » আন্তর্জাতিক » মিয়ানমারের রাষ্ট্রীয় দুই ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আসছে

মিয়ানমারের রাষ্ট্রীয় দুই ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আসছে

আওয়াজ অনলাইন: মিয়ানমারে সামরিক জান্তার অর্থায়ন বন্ধে রাষ্ট্রীয় কয়েকটি ব্যাংকের ওপর বিধি-নিষেধ আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

বুধবার বিষয়টি সম্পর্কে অবগত সূত্র ও থাইল্যান্ডের কয়েকটি সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানা যায়। খবর: রয়টার্স।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে দ্য থাই জানায়, মিয়ানমার ফরেন ট্রেড ব্যাংক ও মিয়ানমার ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকের ওপর যত দ্রুত সম্ভব নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র।

থাইল্যান্ডের মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘অভ্যুত্থান ও সংশ্লিষ্ট সহিংসতার দায়বদ্ধতা বৃদ্ধির জন্য বিভিন্ন উপায়ে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। দেশটির রাজস্ব আয়ে হ্রাস টানা এ চেষ্টার মধ্যে অন্যতম।’

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সামরিক জান্তা গোষ্ঠী ক্ষমতা দখল করে নেয়। এরপর থেকেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো তাদের ওপর বেশ কয়েকবার বিভিন্ন ধরণের নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে মিয়ানমারের সামরিক জান্তার মুখপাত্র জ মিন টুন জানিয়েছেন, নতুন কোনও নিষেধাজ্ঞা নিয়ে তারা উদ্বিগ্ন নয়। আগেও নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে জান্তা সরকার, তাই নতুন কোনও নিষেধাজ্ঞায় তেমন কোনও সমস্যা হবে না।

এদিকে, থাই সূত্র বলছে, মিয়ানমারের ওপর এমন নিষেধাজ্ঞা দিলে থাইল্যান্ডসহ অঞ্চলটির অন্যান্য দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে। কারণ, আঞ্চলিক রাষ্ট্রীয় ব্যাংকগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!