হোম » আন্তর্জাতিক » মস্কো-বেইজিং সম্পর্ক জোরদারে চীন সফরে রুশ প্রধানমন্ত্রী

মস্কো-বেইজিং সম্পর্ক জোরদারে চীন সফরে রুশ প্রধানমন্ত্রী

আওয়াজ অনলাইন: বেইজিং-মস্কো বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চীন সফরে গেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। ধারনা করা হচ্ছে, এ সফরে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করবে দেশ দু’টি। 

ইরানভিত্তিক প্রেসটিভি জানিয়েছে, রুশ প্রধানমন্ত্রী স্থানীয় সময় সোমবার রাতে চীনের বাণিজ্যিক নগরী সাংহাই পৌঁছান। সেখানে তিনি একটি রুশ-চীন বাণিজ্যিক ফোরামে অংশ নেবেন।

এ সফরে রুশ প্রধানমন্ত্রী সাংহাইয়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা রৌসেফের সঙ্গেও সাক্ষাৎ করবেন। রৌসেফ বর্তমানে চীনা-নেতৃত্বাধীন ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের গভর্নর।

অন্যদিকে সাংহাই সফর শেষে বেইজিংয়ে যাবেন রুশ প্রধানমন্ত্রী। সেখানে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানেই কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করতে পারে দেশ দু’টি।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ন্যাটো ইস্যুকে কেন্দ্র করে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ অভিযানকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে ২০২২ সালে চীন রাশিয়ার প্রধান জ্বালানী ক্রেতায় পরিণত হয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে সর্বাধুনিক সমরাস্ত্র দিয়ে সাহায্য করে আসছে যাতে, এ যুদ্ধে রাশিয়াকে পরাজিত করা যায়। কিন্তু এরইমধ্যে ইউক্রেনের একাধিক অঞ্চল দখল করে নিয়েছে মস্কো। সবশেষ ইউক্রেনের গুরুত্বপূর্ন শহর বাখমুতও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!