
আওয়াজ অনলাইন:পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটি। পুরো দেশজুড়ে চলছে বিক্ষোভ, বিভিন্ন শহরে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে পিটিআই সমর্থকদের।
বিক্ষুব্ধ কর্মীরা রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদরদপ্তরে ঢুকে পড়ে এবং লাহোরে একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার বাসায় হামলা চালায়।
বিক্ষোভে এখনো পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গেছে।
এমন অবস্থায় রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় পাঞ্জাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী মোতায়নের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এই অনুমোদন দেয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে বলা হয়েছে, পাঞ্জাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সৈন্য মোতায়নের অনুমোদন দেয়া হয়েছে। এই আদেশে আরও বলা হয়, এই সৈন্য মোতায়েনের বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেবে প্রাদেশিক সরকার।
পাঞ্জাব পুলিশ বলছে, এই প্রদেশে প্রায় এক হাজার লোক গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এক বিবৃতিতে পুলিশ বলছে, আইন ভঙ্গ করার দায়ে প্রদেশজুড়ে ৯৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইমরান খানকে গ্রেপ্তারের পর থেকে সহিংসতায় এ পর্যন্ত ১৩০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছেন। পুলিশ ও সরকারি সংস্থার ২৫টিরও বেশি গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।
এদিকে পাঞ্জাবের সেনাবাহিনী মোতায়েনের পর একই পথে হাটছে খাইবার পাখতুনখোয়া কর্তৃপক্ষও পাঞ্জাব সরকারকে অনুসরণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনা বাহিনীকে ডেকেছে। সূত্র: জিও, আল জাজিরা