
আওয়াজ অনলাইন: ইউক্রেনীয় শহর বাখমুত দখলের অভিযান থেকে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ যোদ্ধাদের প্রত্যাহার করলে সেখানে চেচেন যোদ্ধাদের পাঠাতে চান কাদিরভ।
শুক্রবার এই অঙ্গীকারের কথা টেলিগ্রামে প্রকাশ করেছেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চেচেন নেতা রমজান কাদিরভ। খবর: নিউজউইক।
এ অঙ্গীকারের সাথে সাথে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এবং রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভের মধ্যকার অপ্রীতিকর বিরোধ নিয়ে আক্ষেপও করেছেন রমজান কাদিরভ।
তিনি বলেন, ইউক্রেনে লড়াইয়ের যে শ্রদ্ধা প্রিগোজিনের তা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দেয়নি বলে এই অপ্রীতিকর পরিস্থিতি বেড়েছে।
পর্যাপ্ত গোলাবারুদ সরবরাহ না করার প্রিগোজিনের অভিযোগের বিষয়ে জবাব দেওয়ার জন্য রুশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন চেচেন নেতা। এরপর তিনি ইউক্রেনের মারিওপোলে চেচেন যোদ্ধারা লড়াইয়ের সময় একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছিল বলেও উল্লেখ করেছেন।
তিনি বলেছেন, আমি নিজে মস্কোতে ফোন দেই, কমান্ডার ও ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলি। এক মাস পর সমস্যার সমাধান হয়। এটা সত্যি যে প্রথমবার ফোনালাপেই সমস্যার সমাধান হয়নি। কিন্তু আমাদের ইউনিট ভিডিও ধারণ করে না। তারা শত্রুদের আনন্দ করার মতো তথ্য প্রকাশ করে না।
প্রিগোজিনের সমালোচনা করে কাদিরভ বলেছেন, সহযোদ্ধাদের মরদেহ ভিডিও ধারণ করা ভুল। এমনটি না করার আহবান জানান তিনি।
তিনি তার টেলিগ্রাম বক্তব্যে লিখেছেন, চেচেন ইউনিটগুলো ইউক্রেনে কঠিন এলাকায় ওয়াগনার গ্রুপের যোদ্ধাদের সঙ্গে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। বড় ভাই প্রিগোজিন ও ওয়াগনার যদি বাখমুত ছেড়ে যায় তাহলে তিনি ও তার বাহিনী সেই শূন্যতা পূরণ করবেন।
কাদিরভ লিখেছেন, পরিস্থিতি যদি এমন হয় তাহলে চেচেন যোদ্ধারা এগিয়ে যেতে এবং শহরটি দখলের জন্য প্রস্তুত। এটি কয়েক ঘণ্টার ব্যাপার।