
আওয়াজ অনলাইন: ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। এই মসজিদ মুসল্লিদের ইবাদতের জন্য একটি বিশেষায়িত স্থান। এখানে হামলা চালানো একটি নিন্দনীয় ঘটনা বলে মন্তব্য করেছে সংস্থাটি।
শনিবার সংস্থাটির কার্যনির্বাহী কমিটির একটি জরুরি বৈঠকে এ মন্তব্য করেন ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা।
আল আকসা মসজিদে অব্যাহতভাবে ইসরায়েলি সেনাদের বর্বরোচিত হামলার ব্যাপারে করণীয় ঠিক করতে এ বৈঠকের আয়োজন করা হয়। ওআইসির মহাসচিব বলেন, জেরুজালেম আল কুদস হচ্ছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অঙ্গ ও ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী। আর এই শহরে অবস্থিত আল আকসা মসজিদও পুরোটা ফিলিস্তিনের অংশ এবং মুসলমানদের ইবাদতের জন্য একটি বিশেষায়িত স্থান।
তিনি ওই মসজিদে রমজান মাসের ইবাদতরত মুসল্লিদের ওপর ইসরায়েলি সেনাদের পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ হামলা ছিল ধর্মীয় স্থানগুলোর পবিত্রতা ও ইবাদতের স্বাধীনতার পাশাপাশি জেনেভা কনভেনশন এবং জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন।
প্রসঙ্গত, পবিত্র রমজান মাস চলার মধ্যেই গত বুধবার টানা দ্বিতীয় রাতে আল আকসা মসজিদে মুসল্লিদে হামলা চালায় ইহুদীবাদী সেনারা। মুসল্লিদের ওপর হামলার ঘটনায় ফিলিস্তিনের পশ্চিমতীরজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সূত্র : আরব নিউজ।

আরও পড়ুন
নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প