হোম » আন্তর্জাতিক » আসাম, মেঘালয় ও মিজোরামের মূখ্যমন্ত্রীর জন্য শেখ হাসিনার আম উপহার

আসাম, মেঘালয় ও মিজোরামের মূখ্যমন্ত্রীর জন্য শেখ হাসিনার আম উপহার

আবু আলী: প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির ধারাবাহিকতায় এবার ভারতের আসাম, মেঘালয় ও মিজোরামের মূখ্যমন্ত্রীর জন্য উপহার হিসেবে আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেক মূখ্যমন্ত্রীর জন্য ২০০ কেজি করে বাংলাদেশের বিখ্যাত আম্রপালি জাতের আম উপহার হিসেবে দেওয়া হয়েছে। গৌহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার ড. শাহ মোহাম্মদ তানভির মনসুর তাদের কাছে প্রধানমন্ত্রীর উপহারের আম হস্তান্তর করেন ।

শনিবার মিজোরামের মূখ্যমন্ত্রীর ডেপুটি রেসিডেন্ট কমিশনার ড. মালসামলুয়াঙ্গার কাছে তানভির মনসুর প্রধানমন্ত্রীর আম হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিানার পাঠানো উপহারের আম পেয়ে তিনি খুব খুশি। এ সময় তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে খুবই সুসম্পর্ক রয়েছে। এ ধরণের শুভেচ্ছা উপহার দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী ও মজবুত করবে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

এছাড়াও আসামের মূখ্যমন্ত্রীর উপহারের আম মূখ্যমন্ত্রীর সচিব সমীর সিনহার কাছে হস্তান্তর করা হয়। এ সময় সচিব সমীর সিনহা খুশি মনে সুস্বাদু, বিখ্যাত আম গ্রহণ করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে একটি ভালো সম্পর্ক বিরাজ করছে। ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে। তিনি মুখ্যমন্ত্রী এবং আসামের মানুষের তরফ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিার প্রতি ধন্যবাদ জানান।

বাংলাদেশের সহকারী হাই কমিশনার ড. শাহ মোহাম্মদ তানভির মনসুর বলেন, বাংলাদেশের সবচেয়ে ভালো জাতের আম উপহার হিসেবে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে উভয় দেশের মধ্যে সুসম্পর্ক বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি উভয়ের ক্যারিশম্যাটিক নেতৃত্বে সেরা সম্পর্ক বিরাজ করছে। আসামের মুখ্যমন্ত্রীও এই প্রচেষ্টায় বিশেষ ভূমিকা পালন করেছেন। প্রধানমন্ত্রীর ইচ্ছায়
উৎকৃষ্ট মানের আম প্রতিবেশী দেশগুলোতে উপহার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর পাঠানো এই আম দুই দেশের মধুর সম্পর্ককে আরও মধুর করবে। শুক্রবার মেঘালয়ের চীফ সেক্রেটারি রেবেকা সুচিয়াংয়ের কাছে আম হস্তান্তর করেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার ড. শাহ মোহাম্মদ তানভির মনসুর।

এরআগে রাষ্ট্র ভারতের সঙ্গে সৌহার্দ ও সম্প্রীতির ধারাবাহিকতায় ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার হিসেবে এক মেট্রিক টন আম্রপালি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ২০ জুন ত্রিপুরার মূখ্যমন্ত্রী ডা. মানিক সাহার কাছে প্রধানমন্ত্রীর আম উপহার পাঠানো হয়।

ভারতের আগরতলায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের সরকারি রাষ্ট্রদূত আরিফ মোহাম্মদ জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই বন্ধুপ্রতিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ও আপনজনদের মাঝে ইলিশ মাছ, আম এসব উপহার নিয়মিত দিয়ে থাকেন। বন্ধুত্বময় আত্মার সম্পর্ক এটার একটা উদাহরণ হচ্ছে নিয়মিত উপহার বিনিময়। এ উপহার দু’দেশের সৌহার্দ্য ও সম্প্রীতিময় সম্পর্ককে আরও দৃঢ় করবে।

প্রসঙ্গত গত বছরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের মুখ্যমন্ত্রীদের উপহার হিসেবে আম পাঠিয়েছিলেন। বাংলাদেশে আমের ভরা মৌসুমে পাঠানো এ আম দুটি দেশের বন্ধুত্বের একটি স্মারক। গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ হাজার ৬০০ কেজি হাড়িভাঙ্গা জাতের আম পাঠিয়েছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!