
ডেস্ক রিপোর্ট:: করোনায় গুরুতর অসুস্থ স্ত্রীর চিকিৎসা বিল পরিশোধ করতে নিজের এমবিবিএস ডিগ্রি বন্ধক রাখেন ৩২ বছর বয়সি চিকিৎসক সুরেশ চৌধুরী। তার স্ত্রীকে বাঁচাতে প্রাইভেট হাসপাতালের ভেন্টিলেটরে রাখা হয়। এতে প্রতিদিন প্রায় ১ লাখ টাকা বিল। পরে সেই বিল পরিশোধ করার জন্য চিকিৎসক সুরেশ চৌধুরী নিজের এমবিবিএস ডিগ্রি বন্ধক রাখেন।
ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে। স্ত্রী অনিতা ও পাঁচ বছরের ছেলেকে নিয়ে পালি জেলার খেরওয়া এলাকায় থাকেন সুরেশ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, গত বছর করোনার দ্বিতীয় ঢেউয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অনিতা। তার করোনা ধরা পড়ে। শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গ বাড়তে থাকায় অনিতাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান সুরেশ। কিন্তু রোগীর ভিড়ে শয্যা মেলেনি। বাধ্য হয়ে স্ত্রীকে জোধপুর এমসে ভর্তি করতে হয়।
সুরেশ চৌধুরী নিজেও পেশায় চিকিৎসক হওয়ায় স্ত্রীর দেখভালের জন্য একটানা ছুটি নেওয়া তার পক্ষে সম্ভব ছিল না। নিকটাত্মীয়ের কাছে স্ত্রীর দেখাশোনার ভার দিয়ে সে সময় নিজে রোজ হাসপাতালের ডিউটি করেছেন তিনি। এদিকে দিনে দিনে অনিতার অবস্থার অবনতি হতে থাকে।
সুরেশ জানতে পারেন, তার স্ত্রীর ফুসফুসের ৯৫ শতাংশ বিকল হয়ে গেছে। ততদিনে হাল ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা। তবে স্ত্রীকে সুস্থ করে ঘরে ফেরাতে বদ্ধপরিকর ছিলেন সুরেশ।
উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালের ভেন্টিলেটরে রাখা হয়। বেসরকারি হাসপাতালে ওই চিকিৎসা চালাতে রোজ প্রায় ১ লাখ টাকার কাছাকাছি বিল হয়েছিল। তার জমানো ১০ লাখ টাকা দিয়েও সেই বিল মেটানো সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে নিজের এমবিবিএস ডিগ্রি বন্ধক রেখে ৭০ লাখ টাকা পান।
এ ছাড়া জমি বিক্রি, ধারদেনা করে জোগাড় হয় আরও কিছু টাকা। অবশেষে হাসপাতালের বিল মিটিয়ে স্ত্রীকে সুস্থ করে বাড়ি ফেরেন সুরেশ।
SSS###

আরও পড়ুন
নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প