আওয়াজ অনলাইন : উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা দীলিপ কুমারের দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ের জুহু কবরস্থানে তাকে দাফন করা হয়। আজ সকালে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে দিলীপ কুমারের বয়স হয়েছিল ৯৮ বছর।
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘ দিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন দিলীপ। গত ৩০ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও গত ৬ জুন হাসপাতালে ভর্তি করতে হয়েছিল দিলীপকে। ফুসফুসে অতিরিক্ত ফ্লুইড জমার সমস্যায় ভুগছিলেন তিনি।
দিলীপ কুমারের জন্ম পাকিস্তানের পেশোয়ারে, ১৯২২ সালের ১১ ডিসেম্বর। তার প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। রূপালি পর্দায় ক্যারিয়ার শুরুর সময় নাম পরিবর্তন করেন তিনি। ছয় দশকের অভিনয় জীবনে ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘কর্ম’র মতো অসংখ্য ধ্রুপদি সিনেমায় দেখা গেছে তাকে।
সর্বশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ সিনেমাতে অভিনয় করেন তিনি। বলিউডে তিনি পরিচিত ছিলেন ‘ট্র্যাজেডি কিং’ নামে। ছয় দশকের অভিনয় জীবনে ৬৫টিরও বেশি ফিল্মে অভিনয় করেছেন। চলচ্চিত্রে অবদানের জন্য ৮ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।
ভারত সরকারের কাছ থেকে ‘পদ্মবিভূষণ’ খেতাব পেয়েছেন দিলীপ কুমার। ১৯৯১ সালে তাকে দেওয়া হয় ‘পদ্মভূষণ’। এর তিন বছর পর তিনি পান দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডও। পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘নিশান-ই-ইমতিয়াজ’ পাওয়া তিনিই একমাত্র ভারতীয় নাগরিক।
ইউসুফ খান থেকে দিলীপ কুমার :
দিলীপ কুমারের আসল নাম ইউসুফ সারোয়ার খান। তার বাবার নাম ছিল মোহাম্মদ সারোয়ার খান, যিনি একজন ফল ব্যবসায়ী ছিলেন। কৈশোরে মুম্বাই থেকে পুনে গিয়ে ব্রিটিশ সৈন্যদের জন্য পরিচালিত একটি ক্যান্টিনে কাজ নেন ইউসুফ খান। এর কিছুদিন পর আবারো মুম্বাইয়ে (তত্কালীন বোম্বে) ফিরে বাবার সাথে ব্যবসায় যোগ দেন তিনি।
ব্যবসার কাজেই একসময় ইউসুফ খানের পরিচয় হয় সেসময়কার প্রখ্যাত সাইকোলজিস্ট ডা. মাসানির সাথে, যিনি তাকে পরিচয় করিয়ে দেন 'বোম্বে টকিজ' এর মালিকের সাথে।
১৯৪৩ সালে 'বোম্বে টকিজ'র কাছে ইউসুফ খান যান চাকরি খুঁজতে, কিন্তু সেখানকার স্বত্বাধিকারী দেবিকা রানী তাকে অভিনেতা হওয়ার প্রস্তাব দেন। তার সিনেমার নাম বদলে দিলীপ কুমার রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
১৯৪৪ সালে মুক্তি পায় দিলীপ কুমারের প্রথম ছবি 'জোয়ার ভাটা।' প্রথম দিকে দিলীপ কুমারের কয়েকটি ছবি ব্যবসাসফল ছিল না। ১৯৬০ সালে ভারতের ইতিহাসের অন্যতম ব্যবসাসফল সিনেমা 'মুঘল এ আজম' দিলীপ কুমারের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।
উল্লেখ্য, কিংবদন্তি এই অভিনেতা বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে ভারতের চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমেছে।
সূত্র: বিবিসি বাংলা।/এইচ.