হোম » আন্তর্জাতিক » গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর প্রথম গ্রীষ্মকালীন আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর প্রথম গ্রীষ্মকালীন আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

ইউকে প্রতিনিধি
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর উদ্যোগে প্রথমবারের মতো গ্রীষ্মকালীন আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৬ জুলাই ২০২৬) ট্রাস্টের সদস্য ও তাদের পরিবারবর্গের অংশগ্রহণে ডরসেটের বিশ্ববিখ্যাত ডার্ডল ডোর হয়ে বোর্নমাউথে দিনব্যাপী এ ভ্রমণের আয়োজন করা হয়।

পূর্ব লন্ডনের স্টেপনি গ্রিন থেকে সকাল সাড়ে ৯টায় যাত্রা শুরু করা কোচটি যানজটের কারণে কিছুটা বিলম্বে দুপুর ২টায় ডার্ডল ডোরে পৌঁছায়। সেখানে অংশগ্রহণকারীরা জুরাসিক কোস্টের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, আইকনিক লাইমস্টোন আর্চ এবং সমুদ্রতট উপভোগ করেন। পরে দলটি বোর্নমাউথে পৌঁছে বার্মিংহাম থেকে আগত ট্রাস্টের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেয়।

যাত্রার শুরুতে কোচে পবিত্র কুরআন তিলাওয়াত ও হামদ পরিবেশন করা হয়। এছাড়া অংশগ্রহণকারীদের জন্য নাস্তা ও ঘরে তৈরি চা পরিবেশন করা হয়।

বোর্নমাউথে বিভিন্ন ক্রীড়া ও বিনোদনমূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল পুরুষদের রশি টানাটানি, মহিলাদের ডিম-চামচ দৌড়, নারী-পুরুষ ও শিশুদের বস্তা দৌড়, র‍্যাফেল ড্রসহ আরও নানা আকর্ষণীয় আয়োজন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারী সকল মহিলাকে স্বর্ণপদক এবং সকল পুরুষকে ব্রোঞ্জ পদক প্রদান করা হয়।

আয়োজকদের মতে, এ ভ্রমণের মাধ্যমে গ্রেটার দেউলগ্রামের প্রবাসী সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়েছে। একই সঙ্গে শিশু ও নতুন প্রজন্মের জন্য এটি ছিল আনন্দময় ও শিক্ষণীয় একটি অভিজ্ঞতা।

সফরের সার্বিক আয়োজন ও সফল বাস্তবায়নের জন্য ট্রাস্টের সাধারণ সম্পাদক জনাব সুলতান আহমেদ ও তাঁর সহধর্মিণীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়া আয়োজক কমিটি সফর সফল করতে সহযোগিতাকারী সকল সদস্য, বিশেষ করে মহিলা সদস্যদের অবদানেরও প্রশংসা করে।

সফরে উপস্থিত ছিলেন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ অহিদ উদ্দিন, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল আলিম হাকিম, কোষাধ্যক্ষ মনোয়ার আহমেদ, সাবেক সম্পাদক ফখরুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ রওশন আহমেদ, গুলজার হুসেন, দুলাল আলম, হেলাল আহমেদ, আবুল আজাদ শেবুল, বাবুল হুসেন, খায়রুল ইসলাম দিপু, মইনুল ইসলাম, হারুনুর রশিদ, মাহবুব আলম, ফরিদ উদ্দিন, জাবেদুর রহমান, রাসেল, বাবরসহ ট্রাস্টের বিপুলসংখ্যক সদস্য, মহিলা ও শিশুরা।

দিনব্যাপী আনন্দঘন এ ভ্রমণ শেষে সন্ধ্যায় বোর্নমাউথ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১০টা ৪৫ মিনিটে সবাই নিরাপদে যারযার গন্তব্যে পৌঁছেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!