প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২৩, ৩:১৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ব্যাটারি পুড়িয়ে তৈরি করছে সিসা, স্বাস্থ্য ঝুঁকিতে সর্বসাধারণ

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে কোনো ধরণের নিয়মনীতির তোয়াক্কা না করেই ভাঙা হচ্ছে পুরাতন ব্যাটারি, আর এ ব্যাটারি পুড়িয়েই তৈরি করা হচ্ছে সিসা। ব্যাটারির অ্যাসিডের তীব্র গন্ধে ভারি হয়ে ওঠছে আশপাশের এলাকা। এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন আশপাশের সর্বসাধারণ ও গৃহপালিত পশু।
দূষিত হচ্ছে নদীসহ পরিবেশ। এসব বর্জ্য যাচ্ছে আবাদি জমিতেও। এলাকাবাসী জানিয়েছেন, তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের পূর্ব জাওয়ার হিজলজানী বিলের পাশে টিন দিয়ে চারদিক ঘিরে তৈরি করা হয়েছে সিসার কারখানা। কারখানায় সারি সারি পুরাতন ব্যাটারি রাখা হয়েছে স্তুপ করে। দিনের আলোয় মাস্কবিহীন শ্রমিকরা ব্যাটারি ভাঙার কাজ করলেও রাতে বেশ কয়েকটি বড় চুল্লিতে ভাঙারি পুড়িয়ে সিসা তৈরি করা হয়।
বিষাক্ত সালফিউরিক অ্যাসিডসহ ব্যাটারির ময়লা আবর্জনা ফেলা হচ্ছে যত্রতত্র। লোহার মোটা ছুরির সাহায্যে আলাদা করা হয় প্লাস্টিক ও সীসা। এভাবেই অবাধে চলছে কারখানায় সিসা তৈরির কাজ। ফলে জলাশয়, আবাদি জমিতে বিষাক্ততা ছড়িয়ে পড়ছে।
এ থেকে সিসা যাচ্ছে মানবদেহে। ধোঁয়া থেকে আশপাশের গ্রামের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বাসা বাঁধছে শ্বাসকষ্টসহ নানা রোগ। ফলে বিদ্যালয়গুলোতে কমছে শিক্ষার্থীদের উপস্থিতির হার।
স্থানীয়রা বলছেন, এসব সীসা এবং অ্যাসিড জলাশয়ে গিয়ে মাছসহ জলজ প্রাণি ধ্বংস করছে। পাশাপাশি আবাদী জমি, জলাশয়ে মিশছে সিসা ও অ্যাসিডের পানি। ফলে ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছে। এর আগে রাউতি ইউনিয়নের মেছগাঁঁও গ্রামেও অবৈধ সিসা কারখানা তৈরি করা হয়েছিল। সেখানে ব্যাটারি পোড়ার অ্যাসিডের তীব্র গন্ধে ৭টি গরুর মৃত্যু হয়েছিল। গ্রামবাসী উত্তেজিত হলে রাতের আঁধারে কারখানা গুটিয়ে তারা পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমাস হোসাইন বলেন সিসার মাধ্যমে বায়ুদূষণে মানুষের ব্রেইনের নার্ভাস সিস্টেমের ক্ষতি হচ্ছে। বাড়ন্ত শিশুদের ব্রেইনের হেম্পার করে। আর এসব কারণে প্রতিনিয়ত অক্সিজেন লেভেল কমে যাচ্ছে। কিডনিতে বিভিন্ন রোগের সৃষ্টি করে, বাতাসে অক্সিজেন কমে যাচ্ছে, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যায়। ফলে মানুষের শ্বাসকষ্টজনিত রোগ বাড়ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিন বলেন, ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির কারখানার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.