হোম » বিনোদন » বক্স অফিসে তুমুল লড়াইয়ে বার্বি ও ওপেনহেইমার

বক্স অফিসে তুমুল লড়াইয়ে বার্বি ও ওপেনহেইমার

আওয়াজ অনলাইন: একইসাথে মুক্তি পেয়েছে সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত দুই সিনেমা বার্বি এবং ওপেনহেইমার। পূর্ব অনুমানকে সত্যি করে মুক্তির পর থেকে বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই দুইয়ের মধ্যে।

শুক্রবার সিনেমা দুটি মুক্তির কয়েকসপ্তাহ আগে থেকেই সারা বিশ্বের সিনেমাপ্রেমীদের মধ্যে তুমুল সাড়া ফেলে দেয়। ক্রিস্টোফার নোলান পরিচালিত ওপেইনহেইমারে নাম ভূমিকায় অভিনয় করেছেন কিলিয়ান মার্ফি।

অন্যদিকে বার্বি পরিচালনা করেছেন লিটল উইমেন ও লেডি বার্ড খ্যাত গ্রেটা গারউইগ। সেখানে অভিনয় করেছেন মার্গো রবি ও রায়ান গসলিং।

সমালোচকদের মতে, ওপেনহেইমার এগিয়ে থাকলেও রটেন টমেটোতে বার্বির স্কোর ওপেনহেইমারের চেয়ে বেশি। প্রথম সপ্তাহে বক্স অফিসে ওপেনহেইমারের লক্ষ্য ৫০ মিলিয়ন ইউএস ডলার আয় করা। আর বার্বির টার্গেট ১১০ মিলিয়ন ডলার।

মুক্তির প্রথম দিনের খবর অনুসারে, ওপেনহেইমার সংগ্রহ করেছে ১০ দশমিক ৫ মিলিয়ন ডলার। আর বার্বির সংগ্রহ ২২ দশমিক ৩ মিলিয়ন ডলার।

প্রথমদিকে দর্শকদের মধ্যে ওপেনহেইমার এবং বার্বি নিয়ে চরম প্রতিদ্বন্দ্বিতা শুরু হলেও, পরবর্তীতে এই লড়াই রূপ নেয় আন্তরিকতায়। এখন এই দুটি সিনেমা একইসাথে মুভি থিয়েটারে চলছে। সমস্ত বিশ্বজুড়েই সিনেমা দুটি এখন জনপ্রিয়তার শীর্ষে।

বার্বি সিনেমার কাহিনী গড়ে উঠেছে বিখ্যাত পুতুল বার্বিকে ঘিরে। ওপেনহেইমার সিনেমাটি তৈরি হয়েছে আমেরিকান প্রমিথিউস নামে একটি বইয়ের উপর ভিত্তি করে।

এই দুই সিনেমা নিয়ে দর্শকদের আকর্ষণের পেছনে আরও একটি অন্যতম কারণ হলো, ওপেনহেইমারের পরিচালক ক্রিস্টোফার নোলান তার প্রায় সব সিনেমা তৈরি করেছেন ওয়ার্নার ব্রোসের প্রযোজনায়। কিন্তু টেনেট সিনেমার সময় অজ্ঞাত কোনো কারণে ওয়ার্নার ব্রোসের সাথে দ্বন্দ্ব হয় নোলানের। এরপর তিনি এই প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে সরে আসেন।

এই প্রথম তিনি ইউনিভার্সাল পিকচারের প্রযোজনায় তৈরি করেন তার সিনেমা ওপেনহেইমার। আর ওপেনহেইমার মুক্তির দিনেই ওয়ার্নার ব্রোস মুক্তি দেয় তাদের বহুল আলোচিত সিনেমা বার্বি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!