হোম » বিনোদন » সানিয়ার পারিবারিক ইফতারে নেই শোয়েব মালিক, তাহলে কি…

সানিয়ার পারিবারিক ইফতারে নেই শোয়েব মালিক, তাহলে কি…

আওয়াজ অনলাইন: বিষয়টা কবে থেকে শুরু হয়েছে, সেটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কিন্তু কিছুদিন আগে সৌদি আরব থেকে ওমরাহ করে আসার পর সানিয়া মির্জা যেন এড়িয়ে চলছেন তাঁর স্বামী শোয়েব মালিককে। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দিয়েছেন। সেখানে তাঁকে ছেলের সঙ্গে ইফতার করতে দেখা গেছে। কিন্তু ছিলেন না শোয়েব মালিক। এই ভিডিও দেখে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, তাহলে কি সত্যিই ছাড়াছাড়ি হয়ে গেছে সানিয়া মির্জা আর শোয়েব মালিকের?

এমন আলোচনার শুরু অনেক দিন আগে থেকে। সেই আলোচনার পালে বাতাস লাগে সানিয়া ওমরাহ করতে গিয়ে তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও আর কয়েকটি ছবি দেওয়ার পর। সেখানে দেখা যায়, সানিয়া তাঁর ছেলে আর পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহ পালন করছেন, কিন্তু নেই মালিক।

এরপর মালিক তাঁর ইনস্টাগ্রামে কিছুদিন আগে পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে একটি ছবি দিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এতে শোয়েব মালিক ও সানিয়ার ভক্তদের মধ্যে আবার আলোচনা শুরু হয়।

এবার আবার মালিক-সানিয়ার বিচ্ছেদের গুঞ্জন গতি পেয়েছে সানিয়ার দেওয়া ইফতারের ভিডিওতে। ভিডিওটি দিয়ে তিনি লিখেছেন, ‘আমার হৃদয়ের সঙ্গে ইফতার।’ ভিডিওর নিচে একজন লিখেছেন, ‘শোয়েব মালিক কোথায়?’

আরেকজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী সানিয়ার পোস্টে মন্তব্য করেছেন, ‘তাহলে কি সত্যিই আপনাদের বিচ্ছেদ হয়ে গেছে?’ সানিয়া অবশ্য এসব মন্তব্যের কোনোটিতেই উত্তর দেননি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!