হোম » বিনোদন » ঈদে মুক্তির দৌড়ে যেসব ছবি

ঈদে মুক্তির দৌড়ে যেসব ছবি

সামনেই রমজান। সিয়াম সাধনার এই মাসে নতুন ছবি মুক্তি পায় না, বেশির ভাগ হলও থাকে বন্ধ। তবে প্রযোজক-পরিচালকরা ঈদের ছবির লাইনআপ চূড়ান্ত করতে তোড়জোড় চালান মাসজুড়ে। এবার ঈদে মুক্তির দৌড়ে রয়েছে বেশ কিছু ছবি।

যদিও বিগত দেড় দশক ধরেই ঈদের ছবি মানেই শাকিব খান। এবারও ব্যতিক্রম হবে না। নতুন পরিচালক মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ নিয়ে হাজির হবেন শাকিব খান। সঙ্গে আছেন ‘প্রিয়তমা’খ্যাত কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

এর মধ্যে ছবির শুটিং-ডাবিং সম্পন্ন হয়েছে। ২৭ ফেব্রয়ারি আসবে টিজার। হৃদয় জানিয়েছেন, রোজার মধ্যে প্রকাশ করবেন দুটি গান। ছবিটি নিয়ে শাকিবভক্তরা যেমন আশাবাদী, তেমনি আশায় বুক বেঁধেছেন হল মালিকরাও।

যশোরের মণিহারসহ বেশ কয়েকটি সিনেমা হলের বুকিং করেন আলী আকবর সোহাগ। তিনি বলেন, “গত দুই বছর ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’ নিয়ে বেশ ভালো ব্যবসা করেছিলাম। এবার ‘বরবাদ’ নিয়েও স্বপ্ন দেখছি।”

গত বছর থেকেই প্রস্তুত এম রাহিমের ‘জংলি’। ফার্স্ট লুকও প্রকাশিত হয়েছিল কোরবানি ঈদের আগে।

কথা ছিল, কোরবানির ঈদেই (২০২৪) ছবিটি মুক্তি পাবে। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। ঘোষণা দেন, এ বছর (২০২৫) রোজার ঈদে মুক্তি দেবেন ‘জংলি’। সিয়াম আহমেদ, শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত ছবিটি নিয়ে দর্শকের মাঝে বেশ আগ্রহ। এর মধ্যে শুরু হয়েছে ছবিটির প্রচার-প্রচারণা। ভালোবাসা দিবসকে সামনে রেখে ১২ ফেব্রুয়ারি ইউটিউবে আসে ছবির প্রথম গান ‘জনম জনম’। ২২ ফেব্রুয়ারি আসে প্রি-টিজ। গানের পাশাপাশি প্রি-টিজটিও বেশ আলোচনায় এসেছে। এম রাহিম জানিয়েছেন, মুক্তির আগে আরো কিছু চমক থাকছে দর্শকের জন্য। রমজানের প্রথম সপ্তাহ থেকেই তিনি হল বুকিংয়ের কাজ শুরু করবেন।

দেশের বড় দুই প্রযোজনা প্রতিষ্ঠান চরকি ও আলফা আইয়ের সঙ্গে ভারতের এসভিএফ মিলে নির্মাণ করছে ‘দাগি’। শিহাব শাহীনের এই ছবি দিয়ে দ্বিতীয়বার বড় পর্দায় আসছেন আফরান নিশো। সঙ্গে আছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামালও। শুটিং-ডাবিং এরই মধ্যে সম্পন্ন। তবে এখনো প্রচারণায় নামেনি সংশ্লিষ্টরা। রোজার শুরুর দিকেই আসবে পোস্টার, টিজার ও গান। পরিচালক শিহাব শাহীন বলেন, ‘ঈদে আমরা ছবি নিয়ে আসছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দুই দেশের তিনটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটিতে লগ্নি করেছে। ফলে সবাই মিলেই সিদ্ধান্ত নিতে হচ্ছে, কিভাবে কী করব। দর্শকের এটুকু জানাতে পারি, মার্চের প্রথম সপ্তাহ থেকে প্রচারণায় একের পর এক চমক দেখতে পাবেন।’

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জ্বীন ৩’ও আসবে রোজার ঈদে। এই ছবির আগের দুই কিস্তি ভালো ব্যবসা করেছিল। এবারও আশাবাদী প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ। ‘জ্বীন ৩’ পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। আব্দুন নূর সজলের সঙ্গে এই কিস্তিতে যুক্ত হয়েছেন নুসরাত ফারিয়া। এরই মধ্যে মানিকগঞ্জে শুটিং সম্পন্ন হয়েছে। আব্দুল আজিজ বলেন, “প্রতি ঈদেই জাজের ছবি থাকে। আমাদের নিজস্ব ডিস্ট্রিবিউটর কম্পানি। ফলে হল নিয়ে চিন্তা করছি না। ‘জ্বিন’ সিরিজটি সফল। এই ছবির জন্য আলাদা দর্শক তৈরি আছে। আমরা জানি, তারা ছবিটি মিস করবে না।”

ভারতের পশ্চিমবঙ্গে ‘মানুষ’ দিয়ে বড় পর্দার নির্মাতা হিসেবে অভিষেক ঘটেছিল বাংলাদেশের সঞ্জয় সমদ্দারের। এবার দেশের দর্শকের জন্য তিনি নির্মাণ করছেন ‘ইনসাফ’। ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে মোশাররফ করিম, শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণকে। শ্রীমঙ্গলে এখন চলছে ছবিটির শুটিং। গতকাল থেকে হচ্ছে গানের শুটিং, জানিয়েছেন প্রযোজক মো. কামাল। ‘তিতাস কথাচিত্র’ ও ‘টিওটি ফিল্মস’ প্রযোজনা করছে ছবিটি। কামাল বলেন, ‘আমরা রোজার ঈদেই মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত। ৭ মার্চের মধ্যে ক্যামেরা ক্লোজ হবে, একই সঙ্গে চলছে সম্পাদনা। ১৫ মার্চের মধ্যেই সব কাজ সম্পন্ন হবে। ফলে দুই সপ্তাহ পাব ঈদের আগে। এটাই যথেষ্ট। আমরা পুরনো ব্যবসায়ী। এমনও হয়েছে, ঈদের আগের দিন প্রিন্ট করে ছবি মুক্তি দিয়েছি।’

গতকাল ঈদের ছবির লাইনআপে যুক্ত হলো ‘আতরবিবিলেন’। মিজানুর রহমান লাবুর এই ছবিতে অভিনয় করেছেন মোস্তফা প্রকাশ ও ফারজানা সুমী। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাও চালাচ্ছে ছবির টিম।

সানী সানোয়ারের বহুল আলোচিত ‘এশা মার্ডার—কর্মফল’ও এই ঈদে মুক্তির সম্ভাবনা আছে। সানী বলেন, ‘এক দিনের শুটিং বাকি। সেটা যেকোনো সময়ই করতে পারি। আমরা ঈদে আসতেও পারি। তবে এখনই কিছু চূড়ান্ত বলছি না। সময় হলে দেখা যাবে।’

চলচ্চিত্রসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু এসব ছবিই নয়, শেষ পর্যন্ত যুক্ত হতে পারে আরো ছবি। আবার মুক্তির দৌড় থেকে ছিটকে যেতেও পারে দু-একটি ছবি। তবে মজার বিষয় হলো, এখন পর্যন্ত প্রযোজক সমিতিতে কোনো ছবিই ঈদে মুক্তির জন্য আবেদন করেনি। সমিতির অফিস সচিব সৌমেন রায় বলেন, ‘ঈদের এখনো এক মাসের বেশি সময় আছে। এ জন্যেই হয়তো প্রযোজকরা আবেদন করেননি। শুনেছি গত বছরের মতো এ বছরও অনেক ছবি মুক্তি পাবে। উৎসবে আসলে কোনো বাধাধরা নিয়ম নেই। যে কেউ আসতে পারবে।’

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!