
আওয়াজ অনলাইন : কোরবানির ঈদের আগের দিন (২০ জুলাই) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পশুর হাট এলাকায় অবস্থিত ব্যাংকের সব শাখা-উপশাখা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তার আগের দিন ১৯ জুলাই খোলা রাখতে হবে বিকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।
রবিবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে স্বীয় বিবেচনায় অস্থায়ী বুথ স্থাপনের ব্যবস্থা নিতে হবে। চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় কোরবানির পশুর হাটগুলোতে স্থাপিত বুথসহ সংশ্লিষ্ট ব্যাংক শাখা বা উপশাখায় আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতাসহ যথাযথ ব্যবস্থা নিতে হবে।
সংশ্লিষ্ট ব্যাংক শাখা বা উপশাখা বা বুথগুলোতে অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ভাতা দেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ছবি: সংগৃহীত। /এইচ.