
ব্যবসা বাণিজ্য ও জীবন জীবিকার প্রকল্প চালু রাখা হবে। বড় বা মেগা প্রকল্পের অর্থ ছাড় প্রয়োজন হলে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা এ কথা বলেন।
ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, “প্রকল্প বাস্তবতা ও বরাদ্দ কী হবে- এটা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের অর্থ অপচয় বন্ধ করতে হবে। বাইরের টাকা ইচ্ছে মতো খরচ নয়। স্বচ্ছতা জবাবদিহিতা ছাড়া কিছু চলবে না।”
বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, “এটা নিয়ে চিন্তা করার কারণ আছে। অনেক পিডি চার প্রকল্পের দায়িত্বে। চারটা প্রকল্পে দায়িত্ব মানে চারটি গাড়ি। এটা চলবে না।
“আমি অ্যাসেস করে দেব। অনেকে কম টাকা ব্যয় করতে পারে না। ক্লাইমেট বিরাট ব্যপার। বন্যা হয়, পরিবেশের নামে অনেক টাকা খরচ হয়। প্রকল্পে সমন্বয়হীনতা আছে- এটা দূর করতে হবে।”
মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “মূল্যস্ফীতি নিয়ে আমাদের মাথাব্যাথা আছে; সাপ্লাই চেইন নেই। ৬ টাকার বেগুন ঢাকায় ৮০ টাকা কেন? বাজার মনিটরিং নিয়ে কাজ করব। কিছু বন্ধু-বান্ধব রাস্তায় দাঁড়িয়ে থাকে পরিবহনে টাকা তোলে, তাদের বলব- দাঁড়িয়ে থাকবেন না।”
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সংস্কার একটি বড় ব্যাপার। অনেক বেশি সময় হয়তো পাওয়া যাবে না। কিন্তু প্রয়োজনীয় কিছু মেরামতের কার্যক্রম করা হবে। ব্যবসায়ী, ব্যাংক এবং বিভিন্ন অংশীদারদের সঙ্গে আমরা বসেছি এবং বসবো। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমার মূল কাজ অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া। আর্থিক খাত সংস্কারের আমার একটি পরিকল্পনা আছে তবে এখনই তা আপনাদের বলছি না। নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে আমরা বসে আলোচনা করে কথা বলব।
-আওয়াজ অনলাইন-

আরও পড়ুন
কোটি টাকার যুগে এক হাজার টাকার নোট এখন অনেকটাই অপ্রতুল মনে হচ্ছে
গতি পাচ্ছে না দেশের প্রধান শেয়ারবাজার
ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৩৭টি প্রতিষ্ঠান