
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফের সদর ইউনিয়নের নাজিরপাড়া নাফ নদীর পাড়ে অভিযান চালিয়ে ১ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি। তবে পাচারকারীরা নাফ নদীর পার্শ্বে ঘন কেওড়া বাগানের ভিতর পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোরে মিয়ানমার হতে মাদকের চালান আসার গোপন সংবাদে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া বিওপি’র সদস্যরা গফুরের প্রজেক্ট এলাকায় নাফ নদীর পাড়ে এ অভিযান চালায়।
টেকনাফস্থ বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, মঙ্গলবার ভোরে মিয়ানমার হতে মাদকের চালান বাংলাদেশে পাচার হওয়ার গোপন সংবাদ ছিল। রাতে সদর ইউনিয়নের নাজিরপাড়া বিওপি’র সদস্যরা গফুরের চিংড়ি প্রজেক্ট এলাকায় কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে।
ভোরে চারজন ব্যক্তি একটি কাঠের নৌকা যোগে সীমান্তের শূণ্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি সদস্যরা। এ সময় টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করলে অন্ধকারের সুযোগে নৌকা হতে লাফিয়ে নাফ নদীর পার্শ্বে ঘন কেওড়া বাগানের ভিতর হয়ে সাতরিয়ে মিয়ানমারে পালিয়ে যায়। টহলদল তল্লাশী করে নৌকার পাটাতনের নীচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ৪টি প্লাস্টিকের ব্যাগের রাখা এক লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান