হোম » অপরাধ-দুর্নীতি » পাইকারিতে কমলেও খুচরা বাজারে পেঁয়াজের দাম একই

পাইকারিতে কমলেও খুচরা বাজারে পেঁয়াজের দাম একই

আওয়াজ অনলাইন: ভারত থেকে পেঁয়াজ ‘আসছে-আসবে’ শুনেই রাজধানীর পাইকারী বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। তবে এর কোন প্রভাব নেই খুচরা বাজারে। 

শনিবার রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, এখনো বাজারভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

রাজধানীতে পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজারে গিয়ে দেখা যায়, গেলো দুইদিনে সেখানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে পাঁচ টাকা। বিক্রি হচ্ছে মানভেদে ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে, যা গতমাসের চেয়ে দ্বিগুণেরও বেশি।

অথচ এক সপ্তাহ আগে পেঁয়াজ বিক্রি হচ্ছিলো ৪৫ থেকে ৫০ টাকা করে। আর গত ঈদের আগে দাম ছিল ২২ থেকে ৩০ টাকা কেজি।

কারণ হিসেবে শ্যামবাজারের আড়ৎদার ও ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে কিছু পরিমাণে পেঁয়াজ দেশের বাজারে আসতে শুরু করায় দাম কমতে শুরু করেছে। পুরোদমে আসতে শুরু করলে দাম আরও কমে আসবে বলে ধারণা করছেন তারা।

এর আগে, শুক্রবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, পেঁয়াজের বৃদ্ধিতে বাজার মনিটরিং করা হচ্ছে। দুই-একদিনের মধ্যে দাম না কমলে ভারত থেকে পেঁয়াজ আমদানির ব্যবস্থা করা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, ২৪ লাখ টন বার্ষিক চাহিদার বিপরীতে দেশে এবার পেঁয়াজ উৎপাদিত হয়েছে ৩৪ লাখ টন। ১০ লাখ টন পেঁয়াজ বেশি উৎপাদন হওয়ার পরেও কেন বাজার অস্থিশীল, সে প্রশ্ন এখন ভোক্তাদের।

দেশের কৃষকরা যাতে ন্যায্য দাম পায় সেজন্য গত ১৬ মার্চ থেকে পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করে সরকার। যদিও সে সুযোগেই পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন মূলত কৃষকরা।

তবে, বাজার স্থিতিশীল করতে কৃষি মন্ত্রণালয়কে পেঁয়াজ আমদানির অনুমতি দিতে অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!