প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৩, ২:০৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বাসচাপায় রিকশাচালক নিহত

হুমায়ুন কবির সুমন: সিরাজগঞ্জে বাসচাপায় শরিফ হোসেন নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ সময় ঘাতক বাসটিতে ভাঙ্গচুর চালায় স্থানীয়রা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (৭ মার্চ) বেলা সাড়ে দশটার দিকে সিরাজগঞ্জ-মুলিবাড়ি বাইপাস সড়কের শহরের মালশাপাড়া কাটাওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
রিকশাচালক শরিফ হোসেনের (২৮) বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার পুঠিয়াবাড়ি মহল্লায়।
ওসি হুমায়ন কবির জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-মুলিবাড়ি বাইপাস সড়কের সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কাটাওয়াপদায় এসআই পরিবহনের যাত্রীবাহী বাস এক রিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই রিকশাচালক শরিফ নিহত হন। বিক্ষুদ্ধ স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে ব্যাপক ভাঙ্গচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি থানায় নিয়ে আসতে চাইলে স্থানীয়রা বাধা দেয়।
এ সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.