হোম » অপরাধ-দুর্নীতি » গুলশানে এসি বিস্ফোরণ: দগ্ধ ২ যুবক

গুলশানে এসি বিস্ফোরণ: দগ্ধ ২ যুবক

আওয়াজ অনলাইন: রাজধানীর গুলশানে একটি বাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এসি বিস্ফোরণে দুই যুবক দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল সোয়া ৬টার দিকে গুলশান-২ নিকেতন সোসাইটির ৬ নম্বর রোডের ২১ নম্বর বাসায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন: গোপাল মল্লিক (২৮) ও মিজানুর রহমান (২০)।

অগ্নিদগ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি জানান, এসি বিস্ফোরণে ছয়তলা বাড়িটির পঞ্চম তলার একটি বাসায় আগুন ধরে যায়। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৬টা ৫৩ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বাসা থেকে দুই যুবককে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এসি বিস্ফোরণ হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানান তিনি।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, গুলশানের নিকেতন থেকে এসি বিস্ফোরণের দগ্ধ অবস্থায় দুইজনকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে গোপাল মল্লিকের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। আর একজনের চিকিৎসা চলছে। তার শরীরে কত শতাংশ দগ্ধ হয়েছে সেটি এখনও নির্ধারণ করা হয়নি। গোপাল মল্লিকের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে দগ্ধ গোপাল মল্লিকের বাবা দ্বিজেন্দ্র মল্লিক জানান, তাদের বাড়ি গাজীপুরের শ্রীনগর উপজেলায়। গোপাল গুলশানে একটি কোম্পানিতে চাকরি করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!