
মাহবুব তরফদার, গাজীপুর মহানগর প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন মাদক কারবারি কুলসুম আক্তার (২৯)। টঙ্গীর প্রধান মাদকস্পট খ্যাত নোয়াগাঁও কেরানিরটেক বস্তি থেকে শুক্রবার রাতে ৯৩০ পুরিয়া হেরোইনসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে ১০টায় কেরানিরটেক বস্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযানের সময় টঙ্গীর কুখ্যাত ‘সুন্দরি মাদক কারবারি’ কুলসুম বেগমের আস্তানা ঘেরাও দেয়া হয়। এসময় তাকে ৯৩০ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কুলসুমের সহযোগীরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা সোহেল রানার ছত্রছায়ায় কুলসুম সহযোগীদের নিয়ে কেরানিরটেক বস্তিকে মাদকের আস্তানা গড়ে তুলেছে। সোহেল রানার সেকেন্ড ইনকমান্ড খ্যাত ৪৫ নম্বর ওয়ার্ডের সিরাজ মাস্টারের ছেলে নাজমুল হুদা টঙ্গী নদী বন্দরে আলাদা মাদক স্পট গড়ে তুলেছেন। কুলসুমকে আটকের পর নাজমুল হুদার নেতৃত্বে সহযোগী মাদক কারবারিরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। টঙ্গী পূর্ব থানার ওসি জাভেদ মাসুদ কুলসুমের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলসুমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শুক্রবার রাতে তাকে হেরোইনসহ আটক করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।