
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা থেকে ৪০ বছরের অজ্ঞাত এক পুরুষের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন আছে। পুলিশের ধারণা করছে চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। বুধবার (১৬ই মার্চ) সকালে উপজেলার আলতাবনগর রেলস্টেশনের পশ্চিম পাশ থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। এ তথ্য নিশ্চিত করেন দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজা-উদ-দৌলা সরকার।
জানা গেছে, বুধবার সকাল ৯ টার দিকে আলতাবনগর রেলস্টেশন এলাকায় ঐ ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠায়। এসআই সুজা-উদ-দৌলা সরকার জানান, মরদেহের শরীরের আঘাতের ধরণ দেখে ধারণা করা হচ্ছে চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃতের নামপরিচয় জানার চেষ্টা চলছে।