
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ ২০ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ বগুড়ার শিবগঞ্জ পৌরসভার তেঘড়ি মধ্যপাড়ার কুখ্যাত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, শিবগঞ্জ পৌরসভার তেঘড়ি মধ্যপাড়ার মৃত আব্দাল প্রামাণিকের ছেলে মোঃ মোত্তালেব (৩৬) ও একই গ্রামের একরাম হোসেন এর ছেলে সাকিরুল ইসলাম (২৫)।
থানা পুলিশ সূত্র জানিয়েছে, ২০-ই এপ্রিল (মঙ্গলবার) বিকেলে গোপন সংবাদ পেয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে সাব ইন্সপেক্টর স্বপন মিয়া, এএসআই উজ্জ্বল ও সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় ২০ পুরিয়া ওজন দুই গ্রাম হেরোইনসহ মোত্তালেব এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাকিরুলকে আচলাই স্ট্যান্ডের পাকা রাস্তার উপর থেকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।