
পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক ছাত্রীকে যৌন পীড়নের অপরাধে বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর (৫০) এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই ছাত্রীর পিতা বাদী হয়ে গত মঙ্গলবার রাতে এ মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগে জানা যায়, উপজেলার বড়বাড়ি গ্রামে চায়ের দোকান করেন যৌন পীড়নের শিকার ওই ছাত্রীর পিতা। ৮ম শ্রেণী পড়ৃুয়া ওই ছাত্রী পিতার চায়ের দোকানে মাঝে মধ্যে কাজে সহযোগিতা করে।
এ সুবাদে বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর দোকানে চা খেতে গিয়ে প্রায় সময় অশ্লীল ভঙ্গিমায় কথাবার্তা বলতেন ওই ছাত্রীর সঙ্গে। এক পর্যায়ে ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাবও দেন তিনি। বিষয়টি ওই ছাত্রীর পিতা জানতে পেরে শিক্ষক আলী আকবরকে সতর্ক করেন। তারপরেও থেমে থাকেননি ওই শিক্ষক। গত ১০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে দোকান মালিক তার কন্যাকে দোকানে রেখে উপজেলার নসিবগঞ্জ বাজারে যায়।
এ সুযোগে শিক্ষক আলী আকবর দোকানে গিয়ে ওই ছাত্রীকে কু প্রস্তাব দিয়ে জড়িয়ে ধরে শ্লীলতার হানি ঘটায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার চেষ্টা চালান ওই শিক্ষক। মীমাংসা না হয়ে গত ১৫ সেপ্টেম্বর প্রধান শিক্ষক আলী আকবরের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন ওই ছাত্রীর পিতা। পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, ছাত্রীকে যৌন পীড়নের অপরাধে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। বর্তমানে ওই শিক্ষক পলাতক আছেন।তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।