হোম » অপরাধ-দুর্নীতি » বাড়িভাড়ার ১৪ লাখ টাকা দেননি বিচারপতি মানিক

বাড়িভাড়ার ১৪ লাখ টাকা দেননি বিচারপতি মানিক

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বাড়িভাড়া, গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা ১৪ লাখ ১৯ হাজার ২০০ টাকা পরিশোধ না করার অভিযোগ অনুসন্ধান করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার (২১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, তদন্ত কমিশনার, অনুসন্ধান কমিশনার ও সচিব বরাবর এ নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন। নোটিশে বলা হয়, অবসরে যাওয়ার পর এক বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। পরে ২০১৭ সালে তিনি বাড়িটি ছাড়লেও বাড়িভাড়া, গ্যাস ও পানি বিল বাবদ সরকারের পাওনা ১৪ লাখ ১৯ হাজার ২০০ টাকা এখনও পরিশোধ করেননি তিনি।

তাই এ বিষয়ে অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করে সাত দিনের মধ্যে তা জানাতে বলা হয়। এ বিষয়ে নির্ধারিত সময়ে ব্যবস্থা গ্রহণ করা না হলে হাইকোর্টে আবেদন রিট করা হবে বলে জানিয়েছেন নোটিশ প্রেরণকারী আইনজীবী। আবাসন পরিদপ্তর সূত্র জানায়, মেয়াদ শেষে তাকে ছয় মাস থাকার অনুমতি দেওয়া হয়। সে হিসাবে বিচারপতি মানিকের বাড়ি ছাড়ার কথা ২০১৬ সালের এপ্রিলে। কিন্তু ওই সময়ে তিনি বাড়ি ছাড়েননি। ছাড়েন ২০১৭ সালের মে মাসে।

সরকারি আবাসন পরিদপ্তরের সাম্প্রতিক হিসাবে শামসুদ্দিন চৌধুরী তাকে দেওয়া সময়ের চেয়ে যতদিন বেশি ওই বাড়িতে ছিলেন, সেই সময়ের বাড়িভাড়া, পানির বিল ও গ্যাস বিল বাবদ সরকারের পাওনা দাঁড়িয়েছে ১৪ লাখ টাকা।

-আওয়াজ অনলাইন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!