
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফের উপকূলীয় এলাকা থেকে নারী ও শিশুসহ ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় তাদের আটক করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) মধ্যরাত ১২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। উদ্ধারদের মধ্যে ৬ শিশু, ৬ নারী ও ১২ পুরুষ রয়েছেন। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার পাহাড়ে বেশকিছু অপরিচিত মানুষের আনাগোনার খবর পায় পুলিশ। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন লোক কৌশলে পালিয়ে যান। এ সময় পাহাড়ের ঝোপ-জঙ্গল থেকে ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানান, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া লোকজন এসব রোহিঙ্গাদের সাগরপথে ট্রলারে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করেছিলেন। রাতের যে কোনো সময় তাদের (রোহিঙ্গা) তুলে দেয়ার কথা ছিল।
পরিদর্শক বলেন, রাতে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক এসব রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান মো. মশিউর রহমান।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার