
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার : পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত বিশ্বের দৃষ্টিতে আনতে হলে আমাদের নিজেদের দায়িত্ব আছে। সেজন্য নিয়মিত সচেতনতা কার্যক্রম দরকার।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে কক্সবাজারে আয়োজিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
কক্সবাজারে দুই দিনব্যাপী পর্যটন বিষয়ক বিশেষ কর্মসূচির আওতায় প্রথম দিনে সৈকতে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। ১০০ জন স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে “বিচ ক্লিনিং ও সচেতনতামূলক প্রচারাভিযান” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল হাসান বলেন, সৈকত পরিস্কার না রাখতে পারলে পর্যটক আসবে না। পর্যটক আসলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এ ধরনের জনসচেতনতা কর্মসূচি ছড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, আমাদের একটা মাস্টারপ্ল্যান হয়েছে, সবার চেষ্টায় এটা অন্যতম সী বিচ হিসেবে গড়ে তোলা হবে।
বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি উদিসা ইসলাম ভলেন্টিয়ারদের কাজের গুরুত্ব তুলে ধরে বলেন, আমাদের নাগরিক আপনাদের তত্ত্বাবধানে সুনাগরিক হয়ে উঠবে। পর্যটনকে পরিচ্ছন্ন রাখতে যে বিশাল সামাজিক দায়িত্ব পালন করছেন স্বেচ্ছাসেবকেরা, তার পাশে বাংলা ট্রিবিউন সব সময় থাকবে।
পর্যটন উদ্যোক্তা তৌহিদুল ইসলাম তোহা বলেন, এই উদ্যোগ মানুষকে সচেতন করতে সহায়ক হবে। একটি পরিচ্ছন্ন সৈকত পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ। এখন মানুষ আগের চেয়ে সচেতন হয়েছে।
অনুষ্ঠানে ভলান্টিয়ার ব্যবস্থাপনায় ছিলেন ইয়াসিদ। এছাড়াও অনুষ্ঠানে কক্সিয়ান এক্সপ্রেস, তারুণ্যের অভিযাত্রিক, স্বপ্নতরী ফাউন্ডেশন, সিইএইচআরডিএফ ও ইয়ুথ অর্গানাইজেশন অব উখিয়া নামক ভলান্টিয়ার সংগঠন অংশ নেয়। আয়োজনের দ্বিতীয় দিনে মঙ্গলবার (১২ ডিসেম্বর) পর্যটনের সাফল্য, সম্ভাবনা বিষয়ে সেমিনারের আয়োজন রয়েছে। এদিন স্বেচ্ছাসেবকদের কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট দেওয়া হবে।
এই আয়োজনে সহযোগিতা করেছে বিকাশ, ইউএস বাংলা এয়ারলাইন্স, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, কাজি এন্ড কাজি টি, হোটেল কল্লোল।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান