হোম » সারাদেশ » চকরিয়াতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চিকিৎসকের

চকরিয়াতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চিকিৎসকের

এইচ এম রুহুল কাদের, চকরিয়া: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা পাগলির বিল এলাকায় ১৬ই নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় দিকে পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চিকিৎসকের।

দুর্ঘটনায় নিহত চিকিৎসক লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গোরস্থান চৌধুরী পাড়ার মৃত মোহাম্মদ শাহজাহান চৌধুরীর ছেলে হাফেজ মাওলানা ডাক্তার সৈয়দুল উমাম চৌধুরী (ভুট্টো)।

সূত্রমতে, ডাক্তার সৈয়দুল উমাম চৌধুরী চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি এমবিবিএস পাশ করার পূর্বে পবিত্র কুরআন হিফয করার পাশাপাশি আরবি শিক্ষায় শিক্ষিত ছিলেন। তিনি বিগত তিন বছর পার্কভিউ হাসপাতাল জামে মসজিদে রমজান মাসে সালাতুত তারাবিহ পড়িয়েছেন।

জানাগেছে,তিনি কক্সবাজারে চিকিৎসাসেবা প্রদানের উদ্দেশ্যে একটি ব্যাক্তিগত চেম্বার উদ্বোধন করার জন্য চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্য মাইক্রোবাসযোগে কক্সবাজার যাওয়ার পথে পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষে তাঁর মৃত্যু হয়েছে।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, একটি পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত অবস্থায় সৈয়দুল উমাম চৌধুরীকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!