
মোহাম্মদ খোরশেদ হেলালী: বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালে নাশকতা ঠেকাতে সকাল থেকে কক্সবাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট ও মহাসড়কে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফলে, সড়কে হরতালের তেমন কোন প্রভাব নেই বললে চলে। প্রায় প্রতিটি সড়কেই ভারি যানবাহন ছাড়া সবধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিত্যদিনের মতোই স্বাভাবিক চলছে আদালতের কার্যক্রম।
শনিবার বিএনপির সমাবেশ থেকে ঘোষণা আসে রবিবার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা দেশব্যাপী হরতাল। সারাদেশের মতো শনিবার সন্ধ্যায় হরতালের বিপক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং হরতালের পক্ষে বিএনপি এবং অঙ্গ সংগঠন মিছিল করে। অনেক সড়কে টায়ার জালিয়ে বিক্ষোভও দেখায় বিএনপি সমর্থকরা। বিএনপির হরতালকে সমর্থন দেয় নিবন্ধন বাতিল করা সংগঠন জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলো।
পূর্ব ঘোষণা মতে, হরতালে রবিবার মাঠে নামার কথা থাকলেও কক্সবাজার সদর ও অন্যান্য উপজেলা সমূহের কোথাও পিকেটিংয়ে নেই বিএনপি-জামায়তের নেতা-কর্মীরা। তবে, কক্সবাজার পৌর শহরের ঝাউতলা হোটেল রেনেসাঁসের সামনের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে লুকিয়ে যায় হরতাল সমর্থকরা।
সড়কে বিএনপি-জামায়াতের কেউ না থাকলেও অবস্থান নিয়েছে কক্সবাজার জেলা, পৌর আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। শহরের বিভিন্ন মোডে মোডে তাদের অবস্থান চোখে পড়ার মতো। সড়কে যানবাহন নিয়ে বের হওয়া ক্ষুদ্রযানের চালকরা জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া-ঈদগাঁও-রামু-উখিয়া-টেকনাফ ও কক্সবাজার সদরের কোথাও কোন পিকেটিং বা হরতাল কর্মসূচি ঘোষণা করা দলগুলোর নেতাকর্মীদের অবস্থান চোখে পড়েনি। যাত্রী নিয়ে চলাচলের সময় কোথাও কোন বাধার মুখে পড়তে হয়নি। তবে, শনিবার রাজধানীতে বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগানোর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ায় দেখেছি- তাই আমাদের মাঝে কিছুটা আতঙ্ক কাজ করছে।
কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কাইছার হামিদ বলেন, কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ ১২টি পয়েন্টে পুলিশের টিম মাঠে রয়েছে।
অপরদিকে বিএনপি-জামাতের হরতালের বিরুদ্ধে মহেশখালী উপজেলা আওয়ামীলীগ কর্তৃক শান্তি মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন আশেক উল্লাহ রফিক এমপিসহ নেতৃবৃন্দরা।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান বলেন, মহাসড়কসহ জেলা জুড়ে পয়েন্টে পয়েন্টে পুলিশ টিম সতর্ক অবস্থানে রয়েছে। মাঠে রয়েছে র্যাবের কয়েকটি টিমও। কোথাও কেউ সহিংস ঘটনা ঘটাতে চাইলে প্রতিহত করা হবে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার