প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৫:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৩, ৭:১৮ অপরাহ্ণ
প্রাতিষ্ঠানিকভাবে শিল্পকলার চর্চা বেড়েছে: রবি উপাচার্য অধ্যাপক শাহ্ আজম

হাবিবুর রহমান, রবিবা: একটি দেশের শিল্পকলার সমৃদ্ধি সাক্ষ্য দেয় সেই দেশটির সভ্যতা ও সংস্কৃতির মান সম্পর্কে, সে নিরিখে আমাদের চিত্রকলার ঐতিহ্য গৌরবের। বিগত ৫০ বছরে প্রাতিষ্ঠানিকভাবে শিল্পকলার চর্চা বেড়েছে এবং আমাদের প্রত্যাশা এটি আরো বিস্তৃত হবে। প্রগতিশীল সংস্কৃতির ধারাকে সমৃদ্ধ করতে শিল্পকলার সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা অত্যাবশ্যক বলে মন্তব্য করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগীতায় 'লিভিং আর্ট' আয়োজিত 'ইন্দো-বাংলা বন্ধন গ্রুপ শিপ্প প্রদর্শনী ২০২৩' এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এসময় তিনি আরো বলেন, শিল্প কথাটি সুন্দরকে ঘিরেই আবর্তিত এবং ভাব অভিব্যক্ত করাই শিল্পের উদ্দেশ্য।
যেকোনো শিল্পেরই লক্ষ্য হলো শিল্পের সঙ্গে মানুষের সংযোগ ঘটানো। সহজেই যে সুন্দরকে তৈরি করা যায় তার উদাহরণ হয়ে আছেন শিল্পাচার্য জয়নুল আবেদীন এবং চিত্রকর এস এম সুলতান। চিত্রশিল্পের মধ্য দিয়ে সময় ও সমাজের বাস্তবতা ও মানুষের অন্তর্লীন অনুভব ব্যক্ত হোক, মানুষের বৈদ্ধিক মুক্তিসহ সৌন্দর্য দৃষ্টি খুলে যাক এই আমাদের কামনা।
'লিভিং আর্ট'র পরিচালক ড. বিল্পব গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের প্রায় এগারো হাজার সৈন্য আমাদের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, প্রাণ বিসর্জন দিয়েছে, শহীদ হয়েছেন। সেজন্য ভারত-বাংলাদেশ সম্পর্ক আত্মিক ও রক্তের বন্ধনে আবদ্ধ। সাংস্কৃতিক বিনিময় এ বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিসিআর হিন্দি চেয়ার ড. পুনম গুপ্ত।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.