
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: টেকনাফ থানাধীন মৌলভীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫ সদস্যরা। আটককৃত মাদক কারবারী হলেন টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মৌলভী পাড়া এলাকার রশিদ আলীর ছেলে মোহাম্মদ নূর (১৯)।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার ৪ আগস্ট সন্ধ্যায় র্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেকনাফ থানাধীন মৌলভীপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে একজন মাদক কারবারীকে আটক করা হয়। আটক ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় তার বসত ঘরের শয়ন কক্ষের পশ্চিম পাশে খাটের নিচে ইয়াবা মজুদ রয়েছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তির বসত ঘর তল্লাশী করে তার হেফাজত থেকে সর্বমোট ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই একজন মাদক কারবারী দ্রæত পালিয়ে যায় মর্মে ধৃত ব্যক্তিদের নিকট থেকে জানা যায়। আটককৃত মাদক কারবারী জানায়, ধৃত ও পলাতক ব্যক্তি মাদক চোরাচালানের সাথে জড়িত। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন পন্থা অবলম্বন করে ইয়াবা ও অন্যান্য মাদক অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহপূর্বক মজুদ করত। পরবর্তীতে তারা অত্যন্ত কৌশলে উক্ত মাদক নিজেদের হেফাজতে রেখে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল