প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ণ
আলফাডাঙ্গায় বৃষ্টি উপেক্ষা করে আ’লীগের শান্তি সমাবেশে জনতার ঢল

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ফরিদপুরের আলফাডাঙ্গায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) বিকালে উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কামারগ্রাম কাঞ্চন একাডেমি মাঠ চত্বরে অনুষ্ঠিত এ শান্তি সমাবেশে বৃষ্টি উপেক্ষা করে জনতার ঢল নামে। দুপুর পর থেকেই বিভিন্ন স্থান থেকে লোকজন দলে দলে মিছিল নিয়ে এসে শান্তি সমাবেশে মিলিত হয়। একপর্যায়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে কামারগ্রাম কাঞ্চন একাডেমির মাঠ প্রাঙ্গণ।
গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খানের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।
এসময় দোলন বলেন , ‘ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী লক্ষ্য। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।’
শেখ হাসিনা সরকারের উন্নয়নের নানা সুফলের উদাহরণ তুলে ধরে দোলন বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে আজ দেশের সবখানে উন্নয়নের সুফল পাচ্ছে মানুষ। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।'
গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সমাবেশে উপস্থিত হাজার হাজার জনতা আরিফুর রহমান দোলনকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রার্থী হিসেবে দেখার জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে দাবী রেখে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে।
বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা তিন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ নির্বাচনী এলাকা আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিভিন্ন ধরনের গণসংযোগের মধ্য দিয়ে দোলন মুখরিত করে রেখেছেন এই আসন। নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনার সরকারের উন্নয়ন প্রচার-প্রচারণা।
শান্তি সমাবেশে উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মো. নাজমুল ইসলাম রানা'র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, শেখ আকরামুজ্জামান, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা শেখ শওকত হোসেন, জেলা পরিষদ সদস্য আহসান হাবীব হাসান শিকদার, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ফকির, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবীর, আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ও গোপালপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হাসমত হোসেন কাজল প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.