হোম » সারাদেশ » ভ্রমণ ছাড়পত্র পেলেন সালাউদ্দিন, দেশে ফিরতে বাধা নেই

ভ্রমণ ছাড়পত্র পেলেন সালাউদ্দিন, দেশে ফিরতে বাধা নেই

আওয়াজ অনলাইন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের ট্রাভেল পাস পেয়েছেন। ফলে ভারত থেকে তার দেশে ফেরায় এখন কোন বাধা নেই। তবে তিনি জানিয়েছেন, এখনই দেশে ফিরছেন না তিনি। অসুস্থতার চিকিৎসা করিয়েই বাংলাদেশে ফিরতে চান এই বিএনপি নেতা। 

সোমবার রাতে সালাহউদ্দিন ট্রাভেল পাস হাতে পেয়েছেন। পরদিন মঙ্গলবার দুপুরে গোহাটির বাংলাদেশ মিশনের সহকারী হাইকমিশনার রুহুল আমিন এ খবর নিশ্চিত করেন। সালাউদ্দিন বর্তমানে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে অবস্থান করছেন।

বিএনপি নেতা সালাউদ্দিন আহমদের দেশে ফিরতে কোন বাধা আছে কি না, এমন প্রশ্নের জবাবে রহুল আমিন বলেন, বাধা থাকার কথা না। আমাদের কাজটুকু আমরা করেছি। মিশনের যে কাজ, সেটা হয়েছে। তারপরও যদি মেঘালয় সরকারের থেকে কোনো ফর্মালিটি থাকে সেটা ভিন্ন বিষয়।

ট্রাভেল পাসে শর্ত দেয়া হয়েছে আগামী তিন মাসের মধ্যে সালাউদ্দিনকে দেশে ফিরতে হবে। এ ব্যাপারে সালাউদ্দিন সূত্র জানিয়েছে, তিনি দেশে ফিরতে উদগ্রীব। তবে অসুস্থ থাকায় চিকিৎসা করাতে চান তিনি। এরপরেই দেশে ফেরার প্রস্তুতি নেবেন।

২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন। ১১ মে ভারতে অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা করে শিলংয়ের পুলিশ। ২০১৮ সালের ২৬ অক্টোবর অনুপ্রবেশের মামলা থেকে সালাহউদ্দিনকে খালাস দেন ভারতের একটি আদালত।

তবে আদালতের রায়ে রাষ্ট্রপক্ষ আপিল করলে থেমে যায় সালাহউদ্দিনের দেশে ফেরা। প্রায় সাত বছর বিচার চলার পর গত ২৮ ফেব্রুয়ারি এ মামলার রায় ঘোষণা করা হয়। তিনি বেকসুর খালাস পান। কিন্তু পাসপোর্ট না থাকায় সালাউদ্দিন দেশে ফিরতে পারছিলেন না।

পরে, ট্রাভেল পারমিটের জন্য গোহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে আবেদন করেন। সোমবার রাতে সালাউদ্দিন আহমদকে ট্রাভেল পাস প্রদান করে হাইকমিশন। এর ফলে দেশে ফিরতে এখন আর সালাউদ্দিনের সামনে কোন বাধা নেই।

সালাউদ্দিন আহমদ ১৯৯১ সালে বিএনপির তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ছিলেন। ২০০১ সালে কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সালাহউদ্দিন। তাকে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে যোগাযোগ প্রতিমন্ত্রী করা হয়।

মেঘালয়ে যখন আটক হন তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। ভারতের জেলে থাকাকালে বিএনপি তাকে দলের স্থায়ী কমিটির সদস্য করে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!