
আওয়াজ অনলাইন: নির্বাচনি বিরোধ নিষ্পত্তিতে ৫ সিটি করপোরেশনে ট্রাইব্যুনাল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে এই ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ ও ‘নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল’ গঠন করা হয়।
মঙ্গলবার ইসির আইন শাখার উপসচিব মো. আবদুছ সালামের সই করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেটের সিনিয়র সহকারী জজকে নিয়ে নির্বাচনি ট্রাইব্যুনাল, গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়ে নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
ট্রাইব্যুনালের কাজ হবে যেকোনো নির্বাচনী বিরোধ নিষ্পত্তি করা। ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ অভিযোগ করলে তা ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি করবেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্ট না হলে যাওয়া যাবে আপিল ট্রাইব্যুনালে। এ ক্ষেত্রে ট্রাইব্যুনালের রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। আপিল করার ১৮০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করবেন নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল।
প্রসঙ্গত, ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হয়। খুলনা, বরিশালে ১২ জুন এবং রাজশাহী, সিলেট সিটিতে ২১ জুন ভোট অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা